ক্ষমতাসীন আওয়ামী লীগের বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করা হবে শনিবার। দলটির ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৩ জুন নতুন অত্যাধুনিক রাজনৈতিক ভবনটি উদ্বোধন করবেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পুরান ঢাকার কে এম দাস লেনের রোজ গার্ডেনে ১৯৪৯ সালের ২৩ জুন আত্মপ্রকাশ করে আওয়ামী মুসলিম লীগ। পরে হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পথিকৃৎ বাংলাদেশ আওয়ামী লীগ। ৬৯ বছর পর স্থায়ী রাজনৈতিক কার্যালয় হলো আওয়ামী লীগের।
আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, অনেক চড়াই-উৎরাই পেরিয়ে স্থায়ী কার্যালয়ে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এ ভবন থাকবে সব আধুনিক সুবিধা।
এ উপলক্ষে আওয়ামী লীগের রয়েছে দিনব্যাপী কর্মসূচি। থাকবে তৃণমূলের প্রায় চার হাজার নেতাকর্মী নিয়ে বিশেষ বর্ধিত সভা।
অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন বহুতল রাজনৈতিক ভবন নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।







