৫ জানুয়ারি দেশের সাধারণ মানুষ যেখানে গণতন্ত্রের বিজয় দিবস পালন করছে সেখানে বিএনপি তাদের ‘আত্মহত্যা দিবস’ পালন করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একইসঙ্গে আওয়ামী লীগের একাদশ নির্বাচনী অভিযাত্রা সূচনার ঘোষণা দেন তিনি।
ওবায়দুল কাদের বলেন: বিএনপি এখন নির্দলীয় সরকারের দাবিতে বিভিন্ন হুমকি দিচ্ছে। আমি বিএনপিকে বলবো, সময় মতোই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বিএনপিকে নির্বাচনে আসতেই হবে। সাধ্য থাকলে ঠেকাতে আসুন। গণতন্ত্র রক্ষায় দেশের সাধারণ জনগণ শেখ হাসিনার নেতৃত্বে প্রতিরোধ গড়ে তুলবে।
শুক্রবার বিকেলে বনানী পূজামাঠে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালন উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন: খালেদা জিয়া বলেছেন, পদ্মসেতু নাকি জোড়াতালি দিয়ে তৈরি করা হচ্ছে। পদ্মাসেতু এখন দৃশ্যমান। পিলারের ওপর স্প্যান বসানো হয়েছে। তিনি মনে হয় এটাকে জোড়া তালি বুঝিয়েছেন। তার বুদ্ধির দৌড় এ পর্যন্তই। আবার তিনি বলেছেন, সাবমেরিন নাকি ডুবে গেছে! তার হয়তো জানা নেই সাবমেরিন পানির নিচেই চলে। বিএনপি চেয়ারপার্সনের এসব বক্তব্যে তাদের দলীয় নেতৃত্বের গভীরতা ফুটে ওঠে।
বিএনপি নেতা মওদুদ আহমেদকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন: তাদের একজন নেতা আছেন, যিনি ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করেন। তিনি বহুরূপী। ঝড়-ঝঞ্ঝাট দেখলেই বিদেশে পালিয়ে যান। দীর্ঘ দিন থেকে একটি বাড়ি দখল করে রেখেছিলেন। কোর্ট যখন প্রমাণ চাইলো ভুয়া কাগজ-পত্র উপস্থাপন করলেন। তিনি নাকি আইনজীবী। আবার বিএনপি ক্ষমতায় আসলে হবেন আইন মন্ত্রী। আপনারাই বলুন এমন একজন যদি দেশের আইনমন্ত্রী তাহলে দেশের কী হবে?
একাদশ নির্বাচনে সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করে মুক্তিযুদের চেতনাকে বিজয়ী করতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে তিনি বলেন: আজ গণতন্ত্রের বিজয় দিবস, গণতন্ত্র রক্ষা দিবস, সংবিধান সুরক্ষা দিবস। আজকের দিনে আমাদের অঙ্গিকার হবে, মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচিয়ে রাখতে গণতন্ত্রকে সমুন্নত রাখা। গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপে প্রতিষ্ঠার মধ্য দিয়ে উন্নয়নের ধারাকে ধরে রাখতে হবে। এজন্য আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।






