শুক্রবার বিকেলে বিপিএল খেলতে ঢাকায় এসেছেন টি-২০ ক্রিকেটের বড় বিজ্ঞাপন ক্যারিবীয় তারকা ক্রিস গেইল।শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, ‘আই এম ব্যাক ইন বিপিএল।’
বিপিএলে চিটাগং ভাইকিংসের হয়ে শনিবার অনুশীলন করেছেন গেইল। দীর্ঘক্ষণ নেটে সময় দিয়েছেন। হাসি তামাশা করেছেন সতীর্থদের সঙ্গে।
বিপিএলে ক্রিস গেইল নিয়মিত তারকা। প্রথম আসরে বরিশাল বার্নাসের হয়ে খেলেছিলেন গেইল। ৫ ম্যাচে ২ সেঞ্চুরিতে করেছিলেন ২৮৮ রান। পরের আসরে ঢাকা গ্লাডিয়েটর্সের হয়ে ১ ম্যাচ খেলতে এসে করেছিলেন ১১৪ রান। সবশেষ আসরে বরিশাল বুলসের হয়ে ৪ ম্যাচে ১৩৯ রান। সব মিলিয়ে ১০ ম্যাচে ৫৪১ রান করেছেন গেইল।
এবারও একই লক্ষ্য গেইলের,‘কতগুলো সেঞ্চুরি করেছি? দুটি না তিনটি? তিনটি! পরিসংখ্যান আমি আসলে গুলিয়ে ফেলেছি। তবে পরিসংখ্যান নিয়ে আমি কখনোই চিন্তিত নই। সব সময়ই লক্ষ্য মানুষকে যতোটা সম্ভব বিনোদন দেওয়া। এবারও তাই।’
বিপিএলে খেলতে মুখিয়ে থাকা গেইল বলেন: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলার পর ৪-৫ মাস হয়ে গেছে, আমি ম্যাচ খেলিনি। খেলায় ফিরতে পেরে তাই ভালো লাগছে।








