গিটারের জাদুকর আইয়ুব বাচ্চুকে স্মরণ করে শুরু হয়েছে ‘৫ম চ্যানেল আই ব্যান্ডফেস্ট ২০১৮ পাওয়ার্ড বাই নন্দনপার্ক’’। দেশীয় ব্যান্ডদল নিয়ে বিজয়ের মাসের প্রথমদিন ১ ডিসেম্বর চ্যানেল আই চত্বরে অনুষ্ঠিত হচ্ছে দিনব্যাপী এই আয়োজন। দেশীয় জনপ্রিয় ও নতুন কিছু ব্যান্ডদল অংশ নিচ্ছে এই ব্যান্ডফেষ্টে। উৎসবে এলআরবি নিয়ে হাজির হবেন আইয়ুব বাচ্চুর ছেলে তাজওয়ার।

আয়োজনে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, আজকের ব্যান্ড ফেস্টে সবাই আছেন, শুধু একজন নেই। ইংরেজি দুটি অক্ষরে তার পরিচয়। এবি। পেছনে তার সাদাকালো ছবি, সামনে গিটার। তিনি বলেছিলেন ব্যান্ড এর জন্য একটি দিন দরকার। আজকে ব্যান্ডের সবাই উপস্থিত। কেউ তাকে ভোলেনি। আজকে তার ছেলেও পারফর্ম করবে। আজ সবাই একটি করে আইয়ুব বাচ্চুর গান গাইবেন। এই ব্যান্ড ফেস্টই সংগীতের শক্তি হবে।

উৎসবে অংশ নিচ্ছে উচ্চারণ, ডিফারেন্ট টাচ, অবসকিউর, তিরন্দাজ, ম্যাট্রিকেল, দলছুট, ফিডব্যাক, জলের গান, আর্টসেল এবং এলআরবি। উৎসব চলবে সকাল ১০.৩০ থেকে বিকেল ৫.০০টা পর্যন্ত। চ্যানেল আই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে। এটি উপস্থাপনা করছেন অপু মাহফুজ, সাফি আহমেদ ও দিলরুবা সাথী। পরিচালনা করছেন অনন্যা রুমা।


ছবি: সাকিব উল ইসলাম







