সিলেটে কথিত প্রেমিকের চাপাতির কোপে আহত খাদিজা আক্তার নার্গিসের অবস্থা এখনো অপরিবর্তিত রয়েছে, স্কয়ার হাসপাতালের ‘মেডিসিন এন্ড ক্রিটিক্যাল কেয়ার’ বিভাগের কনসালট্যান্ট মির্জা নাজিমউদ্দীন তাকে বাঁচাতে সবাইকে প্রার্থনার আহ্বান জানিয়েছেন। ঠিক এমন পরিস্থিতিতে নার্গিসকে দেখতে গিয়ে সেলফি তুলে নিজের ফেসবুক ওয়ালে পোষ্ট করেছেন সাংসদ সাবিনা আক্তার তুহিন।
এ ব্যাপারে চ্যানেল আই অনলাইনের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
সেলফিটি পোষ্ট করার কিছুসময় পরই ছবিটি সরিয়ে নেন সাংসদ সাবিনা আক্তার তুহিন।
আইসিইউ গাউনে তুহিনের সাথে সেলফিতে দেখা গেছে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ অপু উকিলসহ আরেকজন নারীকে। 
সোমবার বিকেলে এমসি কলেজ ক্যাম্পাসে খাদিজা আক্তার নার্গিসকে প্রকাশ্যে কুপিয়ে জখম করে শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বদরুল আলম। বদরুল শাবি ছাত্রলীগের সহসম্পাদক। এ ঘটনার পর এমসি কলেজের শিক্ষার্থীরা হামলাকারী বদরুলকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। গণপিটুনিতে আহত বদরুলকেও ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।
নার্গিসকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মধ্যরাত পর্যন্ত সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। অস্ত্রোপচার হলেও তার অবস্থার উন্নতি না হওয়ায় মঙ্গলবার ভোরে অ্যাম্বুলেন্সযোগে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে নার্গিসকে লাইফ সাপোর্টে রাখা হয়।










