কাঁধের চোটে দশম আইপিএলের প্রথম অংশের ম্যাচ খেলতে পারবেন না ভারত এবং রয়্যাল চ্যালেঞ্জারস বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। দুঃসংবাদের এই শুরু। কোহলির সঙ্গে সঙ্গে এবারের আইপিএল থেকে চোট কেড়ে নিচ্ছে লোকেশ রাহুল, রবিচন্দ্রন অশ্বিন এবং মুরালি বিজয়কেও।
লোকেশ রাহুলের কাঁধের চোট এতটাই গুরুত্বর যে চিকিৎসার জন্য তাকে যেতে হয়েছে সুদূর লন্ডনে। কোহলির পর রাহুলকে হারানো রয়্যাল চ্যালেঞ্জারসের জন্য বিশাল এক ধাক্কা।
রাহুলের জাতীয় দলের সতীর্থ মুরালি বিজয়ও একই চোটের শিকার হন। এই চোট তাকে খেলতে দেয়নি অস্ট্রেলিয়ার বিপক্ষে বেঙ্গালুরু টেস্টে। আর অশ্বিন স্পোর্টস হার্নিয়ায় ভুগছেন। নিশ্চিত নয় তারও আইপিএল খেলা।
ভারতীয়দের পাশাপাশি বিদেশি অনেক তারকা ক্রিকেটারকেও পাচ্ছে না আইপিএল। চোট থেকে মাত্রই সেরে ওঠা ‘কাটার মাস্টার’ মোস্তাফিজকে ছাড়পত্র নাও দিতে পারে বিসিবি। আর আয়ারল্যান্ডে ত্রিদেশীয় টুর্নামেন্ট থাকায় কলকাতা নাইট রাইর্ডাসের হয়ে প্রথমদিকের ম্যাচে খেলবেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।







