চিত্রনায়িকা পপির সমসাময়িক অনেকেই বড়পর্দায় অনুপস্থিত। বেশিরভাগই সংসার যাপনে ব্যস্ত। সেই জায়গায় ‘বস্তির রানী সুরিয়া’ খ্যাত চিত্রনায়িকা পপি এখনো ব্যতিক্রম। এখনও তিনি বেশ আবেদনময়ী। আগের চেয়ে শুকিয়েছেনও অনেকটা। নজর রেখেছেন শারীরিক গড়নে। দর্শকদের কাছে তার চাহিদা অন্যরকম হলেও আবেদনময়ী এই নায়িকা অনেকদিন ধরেই ছিলেন রুপালী পর্দার বাইরে। তবে এবার তিনি ফিরছেন অভিনয়ে।
সর্বশেষ পপির সোনাবন্ধু ও পৌষ মাসের পিরিতি ছবি দুটি মুক্তি পেয়েছিল। তবে, মাঝেমধ্যে নাটকে দেখা গেছে তাকে। নতুন খবর, বছর দেড়েক পর আবারো সিনেমার শুটিংয়ে ফিরলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। পপি তার নতুন ছবি ‘সাহসী যোদ্ধার’ একটি আইটেম গানের শুটিংয়ে অংশ নিয়েছে আজ (রোববার)। গানটির দৃশ্য ধারণ চলছে এফডিসিতে।
বলা যায়, আইটেম গান দিয়ে ফের সিনেমার শুটিংয়ে ফিরলেন এই নায়িকা। চ্যানেল আই অনলাইনকে পপি বলেন, ২০১৬ সালের আগস্টে ‘সোনাবন্ধু’ ছবির শুটিং করেছিলাম। এর পর সিনেমার শুটিং করা হয়নি। এরমধ্যে দু-তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি সেগুলোর শুটিং শুরু হয়নি। আজ ‘সাহসী যোদ্ধা’ ছবির গান দিয়েই আবার শুটিং শুরু করলাম।
তিনি বলেন, ভীষণ নস্টালজিয়া হয়ে যাচ্ছি। অতীতের ব্যস্ততম দিনগুলো বারবার মনে পড়ছে। যে গানের শুটিং করছি সেটা আইটেম স্টাইলে। ধামাকা নাচ, চোখ জুড়ানো সেট। চমৎকার আয়োজন। আর আমাকে গর্জিয়াসভাবে সাজিয়েছেন মনির হোসেন।
‘সাহসী যোদ্ধা’ পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী। এই নির্মাতা জানান, আইটেম গান দিয়ে শুটিং শুরু করলাম। টানা শুটিং চলবে এপ্রিল পর্যন্ত। এফডিসি ছাড়াও সিলেট, কক্সবাজারে এ ছবির শুটিং হবে। এই ছবিতে পপি ছাড়াও অভিনয় করছেন আমিন খান, ইমন ও নবাগত সানাই। ‘সাহসী যোদ্ধা’ ছবির গল্প ও চিত্রনাট্য করছেন কমল সরকার। এই ছবিটি প্রযোজনা করছে আনন্দবাজার মাল্টিমিডিয়া।








