ইউরোপীয় বংশোদ্ভূত আইএস যোদ্ধাদের তাদের নিজ দেশ ফিরিয়ে নিতে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইউরোপ যদি তাদের ফিরিয়ে না নেয় তাহলে আইএস যোদ্ধাদের সেখানে (ইউরোপে) মুক্তি দিয়ে দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার হোয়াইট হাউস প্রাঙ্গণে এ হুঁশিয়ারি দেন ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা চাই ২৫০০ আইএস যোদ্ধাকে ইউরোপ ফিরিয়ে নিক। কারণ ওই ২৫০০ যোদ্ধা ইউরোপের দেশ ফ্রান্স ও জার্মানির মতো দেশে ফিরে যেতে চায়।’
ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, আইএসে যোগ দেয়া এবং যোগ দেয়ার সন্দেহের তালিকায় থাকা ইউরোপীয় নাগরিকদের ফিরিয়ে নিতে ইউরোপীয় সরকারের উপর চাপ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। কিন্তু বেশিরভাগ দেশ তাদের নিরাপত্তার ঝুঁকির কথা ভেবে আইএস যোদ্ধাদের ফিরিয়ে নিতে অনিচ্ছা প্রকাশ করছে।
আইএসবিরোধী বিরুদ্ধে চলা সর্বশেষ যুদ্ধে ৮০০ জনের বেশি ইউরোপীয় বংশোদ্ভূত আইএস যোদ্ধা যৌথ বাহিনীর হাতে ধরা পড়ে। যাদের বেশির ভাগ পরিবার ও শিশুসহ মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের হাতে বন্দী রয়েছে।
তবে ট্রাম্প এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে এক টুইট বার্তায় বলেন, ‘এই আইএস যোদ্ধাদের ইউরোপেই যাওয়ার কথা, তবে সেখানে তারা ছড়িয়ে পড়ুক, তা যুক্তরাষ্ট্র চায় না। অন্যরা যে কাজ করতে সক্ষম তা সম্পন্ন করতে প্রচুর অর্থ ও সময় ব্যয় করি আমরা।’
ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাজ্যসহ যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্রদের উচিত আটক হওয়া আইএস যোদ্ধাদের ফিরিয়ে নিয়ে তাদের বিচারের সম্মুখীন করা।
বিশ্বের বিভিন্ন উন্নত দেশ যেমন, ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্যের মত দেশগুলো থেকে প্রায় ২ হাজার নাগরিক তাদের পরিবারের প্রায় ১১ হাজার নারী ও শিশুসহ ইসলামিক স্টেটে যোগ দেয়ার উদ্দেশে সিরিয়া ও ইরাকে পাড়ি দেয়।







