সিরিয়ায় জঙ্গি সংগঠন আইএস এবং আল-নুসরা সদস্যদের জন্য তৈরি ২০ হাজার নতুন ইউনিফর্ম স্পেনে বাজেয়াপ্ত করা হয়েছে বলে এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ইউনিফর্মের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সরঞ্জামও জব্দ করেছে পুলিশ। স্প্যানিশ বন্দর নগরী ভ্যালেন্সিয়া ও আলগেসিরাস থেকে এগুলো উদ্ধার করা হয়।
শহর দু’টির পুলিশ তিনটি বড় কন্টেইনার ভরা ৫ হাজার কেজিরও বেশি ওজনের এসব ইউনিফর্ম ও সরঞ্জাম খুঁজে পায়। কন্টেইনারগুলোর গায়ে লেখা ছিলো, মধ্যপ্রাচ্যে মানবিক ত্রাণ সহায়তার জন্য ‘ব্যবহৃত পোশাক’।
পুলিশের দাবি, কন্টেইনার তিনটি আইএস, আল-নুসরা ফ্রন্ট এবং আল-কায়দার সিরিয়ান শাখার সদস্যদের কাছে পাঠানোর উদ্দেশ্যে সেখানে রাখা ছিলো।
স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বৃহস্পতিবার দেয়া আনুষ্ঠানিক বিবৃতিতে বলেন, ‘প্রায় ২০ হাজার ইউনিফর্ম ও মিলিটারি সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে, যা দিয়ে পুরো একটি সেনা বহরকে সাজানো যায়। ওই অবস্থায় তারা জঙ্গিরা সক্রিয়, পৃথিবীর এমন যে কোনো জায়গায় যুদ্ধ চালাতে পারবে।’
মন্ত্রণালয় থেকে আরো জানানো হয়েছে, জিনিসগুলো স্পেনে তৈরি হয়নি। পণ্য সরবরাহকারীদের একটি প্রতিষ্ঠিত নেটওয়ার্কের মাধ্যমে স্পেনে এসেছে। নেটওয়ার্কটি ইউনিফর্ম ও মিলিটারি সরঞ্জাম ছাড়াও ‘সবচেয়ে কম দামে সর্বোচ্চ মানের’ প্রাযুক্তিক সহায়তা, অস্ত্র ও অন্যান্য জিনিসপত্র সরবরাহ করে থাকে।
গত মাসে ৭টি পৃথক গ্রেফতারের ঘটনা ঘটেছে দেশটিতে, যাদের ৫ জনই স্প্যানিশ নাগরিক। তারা ত্রাণ সরবরাহের নামে বিভিন্ন সন্ত্রাসী দলকে রসদ পাঠাচ্ছে, এই অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
কন্টেইনার ভরা সরঞ্জাম জব্দের এই ঘটনা ওই গ্রেফতারগুলোর সঙ্গে জড়িত বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।






