আগে ড্রোন হামলা হলেও এই প্রথম আইএস’র বিরুদ্ধে সিরিয়ায় হামলা পরিচালনা করেছে ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনী। হামলায় ব্যবহার করা হয়েছে ‘স্মার্ট বোমা’ যার একেকটির দাম এক লাখ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় এক কোটি টাকারও বেশি।
গতরাতে পার্লামেন্টে অনুমোদন পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সাইপ্রাস থেকে ব্রিটেনের জঙ্গী বিমান সিরিয়ায় গিয়ে হামলা চালাতে শুরু করে।
ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের টর্নেডো জেট ফাইটার থেকে একাধিক হামলা চালানো হয়। বুধবার ব্রিটিশ পার্লামেন্টে এ বিষয়ে ভোটাভুটির পর এটাই ছিলো তাদের প্রথম বিমান হামলা।
পার্লামেন্টের হাউজ অব কমন্সে ১০ ঘণ্টার টানা বিতর্ক ও আলোচনার পর সিরিয়ায় আইএস দমনে বিমান হামলা চালানোর সিদ্ধান্ত ৩৯৭-২২৩ ভোটে অনুমোদিত হয়।
ভোটে অনুমোদন পাওয়ার কিছুক্ষণ পরই ব্রিটিশ বিমানবাহিনীর ৪টি টর্নেডো জেট সিরিয়ার উদ্দেশ্যে সাইপ্রাসের অ্যাক্রোটিরি ছেড়ে যায়।







