অ্যাশেজের তৃতীয় টেস্টে ফিক্সিং হয়নি বলে নিশ্চিত করেছে আইসিসি। চূড়ান্ত তদন্ত শেষে ক্রিকেটের অভিভাবক সংস্থাটি বলছে, অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের অ্যাশেজ সিরিজের তৃতীয় ম্যাচ ঘিরে ফিক্সিংয়ের যে অভিযোগ উঠেছিল তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। প্রাথমিক তদন্ত শেষেও একই কথা বলা হয়েছিল।
অ্যাশেজের সময় ‘দ্য সান’ দাবি করে, পার্থ টেস্ট ঘিরে ফিক্সিংয়ের পরিকল্পনা করছে জুয়াড়িরা। এ জন্য দুজন ভারতীয় জুয়াড়ির তথ্যও দেয় পত্রিকাটি।
এমন অভিযোগের পর তদন্তে নামে আইসিসি। তদন্ত শেষে বৃহস্পতিবার আইসিসির দুর্নীতি দমন ইউনিটের মহাব্যবস্থাপক মার্শাল বলেন, ‘কোনো ম্যাচ ঘিরে ফিক্সিংয়ের তথ্য পাওয়া যায়নি। এতে আমি দারুণ খুশি। নিরপেক্ষ তদন্তে আমরা বুঝতে পেরেছি কোনো আন্তর্জাতিক খেলোয়াড় কিংবা কোচ অভিযুক্ত জুয়াড়িদের সঙ্গে যুক্ত ছিলেন না।’
‘চার মাসের অনুসন্ধানে’র দাবি করে সান তাদের প্রকাশিত খবরে জানায়, ‘‘দুই জুয়াড়ি গোপনে এক ‘উহ্য ব্যক্তি’র সঙ্গে কাজ করছে। ওই ব্যক্তি অস্ট্রেলিয়ান ক্রিকেটের সঙ্গে যুক্ত। তার সঙ্গে একজন বিশ্বকাপজয়ী অলরাউন্ডারের যোগাযোগ আছে।’









