ধারণা করা হচ্ছে আগের সব রেকর্ড ভেঙ্গে ফেলবে ‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’। অন্তত টিকেট বিক্রির হিসেবে সেটাই মনে হচ্ছে এখন পর্যন্ত।
‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’ এর অগ্রিম টিকেট বিক্রি শুরু করেছিল ‘ফানডানগো’ সাইটটি। তারা জানিয়েছে ‘ইনফিনিটি ওয়ার’ এর থেকে বেশি টিকেট বিক্রি হয়েছে ‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’ এর। শুধু বেশি নয়, রীতিমতো পাঁচ গুণ বেশি টিকেট বিক্রি হয়েছে। হাজারের বেশি শো এর টিকেট ইতিমধ্যেই হাউজফুল হয়ে গেছে। তাই ২৬ এপ্রিল ভোর ৪টা এবং ৬.৩০ এ আরও কিছু শো এর আয়োজন করা হয়েছে। কিছু কিছু থিয়েটারে হলের সংখ্যা বাড়ানো হচ্ছে।
প্রথম সপ্তাহের টিকেট বিক্রির হিসাবে ‘অ্যাকুয়াম্যান’, ‘স্টার ওয়ার্স: দ্য লাস্ট জেডি’, ‘ক্যাপ্টেন মার্ভেল’কেও ছাড়িয়ে গিয়েছে ‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’ ছবিটি। ধারণা করা হচ্ছে ছবিটি বক্স অফিসে নতুন ইতিহাস রচনা করবে। বক্স অফিস অ্যানালাইসিস্টরা ধারণা করছেন, প্রথম সপ্তাহে শুধু আমেরিকাতেও ৩০০ মিলিয়ন ডলার আয় করতে পারে ছবিটি।
৩ ঘণ্টা ৫৮ সেকেন্ডের সিনেমা ‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’। এটিই হতে যাচ্ছে মার্ভেলের সবচেয়ে দীর্ঘ ছবি। ২৬ এপ্রিল মুক্তি পাবে বহু প্রতীক্ষিত সিনেমা ‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’। ছবিটি পরিচালনা করেছেন অ্যান্থনি রুশো ও জো রুশো।








