শুরুতে ৩ উইকেট তুলে নিয়ে কিছুটা চাপে রাখলেও কোরি অ্যান্ডারসনের ঝড়ে শেষ পর্যন্ত বাংলাদেশকে বড় টার্গেটই দিল নিউজিল্যান্ড। হােয়াইটশওয়াশ এড়ানোর ম্যাচে জিততে হলে টাইগারদের করতে হবে ১৯৫ রান। টস হেরে প্রথম ব্যাট করে ৪ উইকেটে ১৯৪ রান করে কিউইরা।
ওপেনিং জুটিতে শুরুটা ভালই করে নিউজিল্যান্ড। তবে চার ওভারে ৩৪ রান তোলার পর জোড়া আঘাতে কিউই ইনিংসে ঝাঁকুনি দেন রুবেল হোসেন। ১২ বলে ১৫ রান করা জেমস নেশামকে এলবির ফাঁদে ফেলেন তিনি।
দুই রানের ব্যবধানে আবারও আঘাত হানেন রুবেল। হিসেবের খাতা খোলার আগেই সৌম্য সরকারের হাতে ক্যাচ বানিয়ে ফেরান আগের ম্যাচের সেঞ্চুরিয়ান কলিন মুনরোকে। দলীয় ৪১ রানের মাথায় বাংলাদেশকে তৃতীয় সাফল্য এনে দেন মোসাদ্দেক হোসেন। তার বলে ৫ রান করে ইমরুল কায়েসের হাতে ক্যাচ দেন আগের ম্যাচের হাফসেঞ্চুরিয়ান টম ব্রুস।
এরপরই শুরু হয় উইলিয়ামসন ও অ্যান্ডারসনের বাধা। রীতিমতো চীনের দেয়ার তুলে দাঁড়ান তারা। ৭২ বলে ১২৪ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হয় এই জুটি। ৫৭ বলে ৬০ রান করে রুবেলের বলে বোল্ড হন কিছুটা মন্থরগতিতে ব্যাট চালানো উইলিয়ামসন। তবে শুরু থেকেই ঝড় তোলা অ্যান্ডারসন শেষ পর্যন্তও থামেননি। মাত্র ৪১ বলে ৯৪ রান করে অপরাজিত থাকেন তিনি। দুটি চারের সাথে ১০টি ছক্কা হাঁকিয়েছেন কোরি।
৩১ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সফল বোলার রুবেল হোসেন। অন্য উইকেটটি নেন মোসাদ্দেক হোসেন।








