গাজীপুরের সাইনবোর্ড, মগবাজার ও মিরপুর থেকে গ্রেফতার হওয়া ৪ জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) নারী সদস্যের পরিচয় প্রকাশ করেছে র্যাব। এদের মধ্যে জেএমবির নেত্রী আকলিমা রহমান, মৌ ও মেঘলা মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রী।
আর ঐশী ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করে সেখানেই ইন্টার্ন চিকিৎসক হিসেবে কাজ করছেন। তার বাবা ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এবং মা সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গাইনী চিকিৎসক হিসেবে কর্মরত।
মঙ্গলবার রাজধানীর মিরপুরের পাইকপাড়ায় র্যাব-৪ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গত ২১ জুলাই র্যাব জেএমবির দক্ষিণাঞ্চলের আমির মাহমুদুল হাসানকে গাজীপুর থেকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে জেএমবির কার্যক্রমের সঙ্গে একটি নারী দলের জড়িত থাকার তথ্য পাওয়া যায়।
ওই দলের নারী নেত্রী আকলিমা তাকে গত রমজানে ১২ হাজার টাকা চাঁদার ব্যবস্থা করে দেন। এ তথ্য গোয়েন্দাদের হাতে আসার পর থেকেই আকলিমা গোয়েন্দাদের নজরদারীতে ছিলেন।
গতকাল রাত দুটার দিকে র্যাব-৪’র একটি দল অভিযান চালিয়ে আকলিমাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে নতুন ধারায় জঙ্গিবাদে উৎসাহ দেওয়ার অভিযোগ রয়েছে। আকলিমা বিভিন্ন সময় জেএমবির দাওয়াতি কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন।
এ সময় তার কাছ থেকে উদ্ধার করা মুঠোফোন থেকে জিহাদী কার্যক্রমে যুক্ত থাকার ব্যাপারে বিপুল পরিমাণ তথ্য পাওয়া গেছে।
পরে আকলিমার দেওয়া তথ্য অনুযায়ী মগবাজার থেকে ঐশী নামের আরেক নারীকে গ্রেফতার করে র্যাব। তার কাছ থেকে উদ্ধার করা ল্যাপটপ থেকে বিপুল পরিমাণ জিহাদি-বিষয়ক তথ্য, ম্যাগাজিন, লেকচার ভিডিওর সফট কপি উদ্ধার করা হয়।
পরে মিরপুর-১-এর জনতা হাউজিংয়ে অভিযান চালিয়ে মৌ এবং একই হাউজিং থেকে মেঘলা নামের অন্য একজন নারী জেএমবি সদস্যকে গ্রেফতার করে র্যাব।







