রাজধানীর গুলশানে আর্টিজান রেস্টুরেন্টে ভেতরে অস্ত্রধারী সন্ত্রাসীদের সঙ্গে শান্তিপূর্ণ যোগাযোগ করার কথা জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজির আহমেদ।
রাত সোয়া ১১টার দিকে ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন র্যাবের মহাপরিচালক। তিনি বলেন, ‘রেস্টুরেন্টে ভেতরে কয়েকজন অস্ত্রধারী আছেন। আমরা তাদের সঙ্গে শান্তিপূর্ণ যোগাযোগ স্থাপনের চেষ্টা করছি।’
বেনজির আহমেদ সাংবাদিকদের বলেন, ‘আমরা আপনাদের টাইম-টু-টাইম আপডেট দেব। এ জন্য আপনাদের সহযোগিতা চাই।’ জাতির স্বার্থে ঘটনাটি সার্বক্ষণিক সম্প্রচার না করার জন্য অনুরোধ করেন তিনি।
বেনজির আহমেদ বলেন, ‘আমি সবাইকে বলব আতঙ্কিত হওয়ার কিছু নেই। সেখানে যারা অস্ত্রসহ ঢুকেছিল, আমি আবারও বলতে চাই তাদের সঙ্গে আমরা যোগাযোগ করতে চাই, কন্ট্রাক্ট করতে চাই। এবং তাদের সমস্যা আমরা শুনতে চাই। শান্তিপূর্ণভাবে সমাধান করতে চাই। এটাই আমাদের প্রধান লক্ষ্য। প্রতিটি জীবন আমাদের কাছে মূল্যবান।’








