বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ সোমবার দিনের একমাত্র ম্যাচে সন্ধ্যা ৫টা ৪৫ মিটিটে মুখোমুখি হবে রাজশাহী কিংস ও রংপুর রাইডার্স। মিরপুর হোম অব ক্রিকেট থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন ও সনি ইএসপিএন।
৮ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে রংপুর রাইডার্স রয়েছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। সমান সংখ্যক ম্যাচ থেকে ৮ পয়েন্ট নিয়ে রাজশাহী কিংস রয়েছে পঞ্চম স্থানে।
চারদিনের মধ্যে দ্বিতীয়বার মুখোমুখি হচ্ছে এ দু’দল। চট্টগ্রাম পর্ব শেষে দু’দলের ম্যাচ দিয়েই বিপিএলের ঢাকা তৃতীয় পর্বের পর্দা উঠে।
গত ২৫ নভেম্বরের ম্যাচটিতে ১২ রানের জয় তুলে নেয় রাজশাহী। ১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাঁচ উইকেটে ১৫০ এর বেশি করতে পারেনি রংপুর।
জয় দিয়ে চট্টগ্রাম পর্ব শেষ করার পর ঢাকায় ফিরেই যেন ছন্দ হারায় তারা। সর্বশেষ গতকালের (২৭ নভেম্বর) ম্যাচে চিটাগং ভাইকিংসের কাছে ৯ উইকেটে হারের লজ্জায় পড়তে হয়। গেইল-তামিম ঝড়ে রংপুরের দেয়া ১২৫ রানের সহজ লক্ষ্যটা চার ওভার হাতে রেখেই টপকে যায় চিটাগং।
অন্যদিকে, যথার্থ অধিনায়কের মতো দলকে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন ড্যারেন স্যামি। দু’দিন আগে খুলনার বিপক্ষে প্রথমে ব্যাট হাতে খেললেন ৩৪ বলে ৭১ রানের বিস্ফোরক এক ইনিংস। পরে বল হাতেও নিলেন রিকি ওয়েসেলসের গুরুত্বপূর্ণ উইকেটটি।
খুলনা টাইটান্সের বিপক্ষে স্যামির এই অলরাউন্ড নৈপুণ্যে রাজশাহী কিংসও পেয়েছে ৯ রানের দারুণ জয়। আর এই জয় দিয়ে শিরোপাজয়ের লড়াইয়েও টিকে আছে রাজশাহী।







