হংকং ওয়ার্ল্ড সিক্সেস টুর্নামেন্টের প্রথম দিন গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনাল খেলার স্বপ্ন জাগিয়েছিল বাংলাদেশ সিক্স-এ-সাইড দল। একদিন পরই মুদ্রার উল্টো পিঠটা দেখলেন সাইফ হাসানরা। রোববার টুর্নামেন্টের শেষদিনে সেমির লড়াইয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে ৪ উইকেটে হেরে গেছে বাংলাদেশের যুবারা।
সুযোগ ছিল প্লেট পর্বে কিছু করার। এখানেও ব্যর্থ হয় বাংলাদেশ দলের হয়ে প্রতিনিধিত্ব করা অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। মেরিলিবোন ক্রিকেট ক্লাবের সঙ্গেও হার মানে ৪ উইকেটে। সোমবার দেশে ফিরবেন সাইফ-আফিফরা।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সাউথ আফ্রিকা। কাউলুন ক্রিকেট ক্লাব মাঠে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তানকে ২ উইকেটে হারায় তারা। প্লেট শিরোপা জিতেছে স্বাগতিক হংকং। ফাইনালে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের করা ১১৩ রান হংকং টপকে যায় ৪.২ ওভারে।







