একদিনের ক্রিকেটে টিম পেইন এবং টি-টুয়েন্টিতে অ্যারন ফিঞ্চকে অধিনায়ক করে জুনের ইংল্যান্ড সফরের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। এছাড়া দলে ফিরেছেন নাথান লায়ন এবং শন মার্শ।
বল টেম্পারিং কাণ্ডে স্মিথ, ওয়ার্নার নিষিদ্ধ হওয়ায় এই দুজনকে বিশ্বকাপ পর্যন্ত সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়ক রাখার সিদ্ধান্ত নিয়েছেন নতুন কোচ জ্যাস্টিন ল্যাঙ্গার।
দল ঘোষণার সময় ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচকরা জানিয়েছেন, ২০১৯ সালের বিশ্বকাপের কথা মাথায় রেখে দল নির্বাচন করেছেন তারা। আগ্রহের বিষয় হল ওয়ানডে দলে জায়গা হয়নি ক্রিস লিনের।
ফিঞ্চকে অনেকেই ওডিআই অধিনায়ক হিসেবে কল্পনা করেছিলেন। কিন্তু নির্বাচকরা আগে থেকে টেস্টের নেতৃত্ব দেয়া পেইনকেই বেছে নিয়েছেন। প্রধান নির্বাচক ট্রেভর জানিয়েছেন, পেইনের অধিনায়কত্ব স্থায়ী কিছু নয়।
এদিন ওয়ানডের জন্য ১৫ সদস্যের এবং টি-টুয়েন্টির জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। ইনজুরির কারণে দলে নেই স্টার্ক এবং কামিন্স। মিচেল মার্শেরও ইনজুরি।
ওডিআই দল: টিম পেইন (অধিনায়ক, উইকেটরক্ষক), অ্যারন ফিঞ্চ (সহঅধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), জস হ্যাজেলউড, ট্রাভিস হেড, নাথান লায়ন, গ্লেন ম্যাক্সওয়েল, শন মার্শ, ঝেই রিচার্ডসন, কেন রিচার্ডসন, ডি’আর্চি শর্ট, বিলি স্ট্যানলেক, মার্কাস স্টইনস, অ্যান্ড্র টাই।
টি-টুয়েন্টি দল (জিম্বাবুয়ে সিরিজসহ): অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি (সহঅধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, ট্রাভিস হেড, নিক ম্যাড্ডিনসন,গ্লেন ম্যাক্সওয়েল, ঝেই রিচার্ডসন, কেন রিচার্ডসন, ডি’আর্চি শর্ট, বিলি স্ট্যানলেক, মার্কাস স্টইনস, মিচেল সোয়াপসন, অ্যান্ড্রু টাই, জ্যাক ওয়াইল্ডারমুথ।










