এর আগে রাত ৯টা ৫৬ মিনিটে ঢাকার হেয়ার রোডের বাসা থেকে বেরিয়ে বিমানবন্দরের পথে গাড়িতে ওঠার আগে বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের তিনি জানান, তিনি লিখিত বিবৃতি দিয়ে যাচ্ছেন। ওই বিবৃতিতে প্রধান বিচারপতি বলেছেন, তিনি অসুস্থ নন, সম্পূর্ণ সুস্থ আছেন। চাপে নয়, ছুটি কাটাতে স্বেচ্ছায় বিদেশে যাচ্ছেন।
১০ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে বলে এর আগে জানিয়েছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।
গত বুধবার প্রধান বিচারপতির বিদেশ যাওয়ার চিঠিতে রাষ্ট্রপতির সইয়ের পর বৃহস্পতিবার সব আনুষ্ঠানিকতা শেষে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। ২ অক্টোবর শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে এক মাস ছুটির প্রয়োজন উল্লেখ করে ১৩ অক্টোবরের কাছাকাছি সময়ে বিদেশে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে রাষ্ট্রপতি বরাবর চিঠি দিয়েছিলেন প্রধান বিচারপতি এস কে সিনহা।
তার অবর্তমানে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রথমে ১ নভেম্বর পর্যন্ত ৩০ দিন তাকে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব দেয়া হলেও প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বর্ধিত ছুটিতে বিদেশে অবস্থানকালীন সময়ে অর্থাৎ ২ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত অথবা পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত মো. আবদুল ওয়াহাব মিঞাকে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে গত ৮ সেপ্টেম্বর প্রধান বিচারপতি ঢাকা ছেড়েছিলেন। তখন প্রথমে তিনি তার অসুস্থ মেয়েকে দেখতে কানাডায় যান। এরপর গত ১৭ সেপ্টেম্বর তিনি কানাডা থেকে জাপান যান এবং এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান বিচারপতিদের সম্মেলনে যোগ দেন। গত ২৩ সেপ্টেম্বর তিনি দেশে ফিরেন।







