মাত্র এক বছর আগে অভিষেকের পর থেকেই বিশ্ব ক্রিকেটে ঝড় তুলছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক ক্রিকেটের পর এখন নিয়মিতই আলো ছড়াচ্ছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। আইপিএল বাজিমাতের মধ্যেই নাম লিখিয়েছন ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে। শীর্ষ দুই লিগের পর কাটার মাস্টারকে দলে পেতে কাড়াকাড়ি লাগতে পারে অস্ট্রেলিয়ার টি২০ লিগ বিগ ব্যাশেও।
আইপিএলে প্রতি ম্যাচের মূল একাদশে চারজনের বেশি বিদেশি খেলোয়াড় থাকতে পারেন না। বিগ ব্যাশে এই সংখ্যাটা আরো কম। সেখানে থাকতে পারেন মাত্র দুজন খেলোয়াড়। তারপরও এই কঠিন প্রতিযোগিতায় উঠে এসেছে মুস্তাফিজের নাম।
সোমবার অস্ট্রেলিয়ান ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকেট ডট কম ডট এইউ’র একটি প্রতিবেদনে বলা হয়েছে, বিগ ব্যাশ লিগে ফিজ’কে নিয়ে অনেকেরই আগ্রহ আছ।
শুধু সাকিব আল হাসানই একমাত্র বাংলাদেশী ক্রিকেটার যিনি বিগ ব্যাশে খেলেছেন।
বিগ ব্যাশের দল রেনেগেডসের কোচ ডেভিড সাকের চাইছেন একজন বিদেশি বোলারকে দলে ভেড়াতে। তাদের প্রতিপক্ষ মেলবোর্ন স্টারস দুই ইংলিশ খেলোয়াড়কে নিয়ে দল পূর্ণ করেছেন।
বিদেশী খেলোয়াড় দলে নেয়ার ব্যাপারে সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকের বলেছেন, ‘সত্যি কথা হলো আমাদের হয়তো একজন বিদেশি বোলার প্রয়োজন হতে পারে।’
ওই দলের অধিনায়ক মোইসেস হেনরিকে এখন হায়দরাবাদের হয়ে খেলছেন মুস্তাফিজের সঙ্গে। আর হায়দরাবাদের কোচ টম মুডি ওই দলের টিম ডিরেক্টর। দুজনেই মুস্তাফিজকে কাছে থেকে দেখেছেন। সব মিলিয়ে রেনেগেডস মুস্তাফিজকে দলে চাইতে পারে এতে অবাক হওয়া কিছু নেই। শুধু রেইনগেডসই নয়, অন্য দলগুলো তাকিয়ে আছে কাটার মাস্টারের দিকে।
আইপিএলের নয়টি ম্যাচ খেলে এখন পর্যন্ত মুস্তাফিজ নিয়েছেন ১৩টি উইকেট। ইকোনমি রেট মাত্র ৬.১৫। আইপিএলে অন্তত ১০ ওভার বল করেছেন, এমন বোলারদের মধ্যে মুস্তাফিজই এখন পর্যন্ত সবচেয়ে কম খরুচে বোলার।








