অ্যাশেজের পর একমাত্র টি-২০ ম্যাচও জিতে নিয়েছে ইংল্যান্ড। সোমবার এই ম্যাচে অজিদের ৫ রানে হারায় ইংলিশরা। স্বাগতিকদের করা ১শ ৮২ রানের জবাবে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১শ ৭৭ রানে থামে সফরকারীদের ইনিংস।
১শ ৮৩ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে ১২ রানেই দুই উইকেট হারায় অস্ট্রেলিয়া। মাত্র ৪ রান করে ডেভিড ওয়ার্নার আউট হওয়ার পর ৮ রান করে ফেরেন শেন ওয়াটসন। এরপর তৃতীয় উইকেট জুটিতে ১১২ রান তোলেন স্টিভ স্মিথ ও গ্লেন ম্যাক্সওয়েল। ৩২ বলে ৪৪ রান করে আউট হন ম্যাক্সওয়েল। তবে টি-টোয়েন্টিতে ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি পেলেও অল্পের জন্য সেঞ্চুরি করতে পারেননি স্মিথ। ৫৩ বলে ৯০ রান করেন তিনি।
ইংলিশদের হয়ে ডেভিড উইলি দুটি এবং স্টিভেন ফিন, রিসি টপলি, বেন স্টোকস ও মঈন আলী প্রত্যেকে একটি উইকেট নেন।
এরআগে ইয়ন মর্গান ও মঈন আলীর দুরন্ত ব্যাটিংয়ে প্রথম ব্যাট করে ৫ উইকেটে ১শ ৮২ রান করে ইংল্যান্ড। ১৮ রানে প্রথম দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেট জুটিতে ১শ ৩৫ রান করেন তারা। ৩৯ বলে ৭৪ রান করেন মরগান। আর ৪৬ বলে ৭২ রানে অপরাজিত থাকেন আলী। অন্য কেউ উল্লেখ করার মতো রান করতে পারেননি।
অজিদের হয়ে প্যাট কামিন্স দুটি এবং মিচেল স্টার্ক ও কাটলার নেইল একটি করে উইকেট নেন।
দুই দলের মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৩ সেপ্টেম্বর।






