লিডটা যত বাড়ত, ভারতের কাঁধে বোঝাটা বাড়ত সমানতালে। সফরকারীদের প্রথম ইনিংসের সেই লিডটা ৮৭ রানেই আটকে রাখলেন জাদেজা-অশ্বিনরা। সোমবার সকালে আর ৩৯ রান যোগ করতেই গুটিয়ে গেছে অস্ট্রেলিয়া। ৬ উইকেট নিয়ে স্বাগতিকদের কাজটা সহজ করে দিয়েছেন রবীন্দ্র জাদেজা।
দ্বিতীয় দিনে ৪৮ রানের লিড নিয়ে এম চিন্নাস্বামী স্টেডিয়ামের ক্রিজ ছেড়েছিল অস্ট্রেলিয়া। তৃতীয় দিনে দুই অপরাজিত ম্যাথু ওয়েড ২৫ ও মিচেল স্টার্ক ১৬ রানে উইকেটে আসেন। স্টার্ক নামের পাশে আর দশ রান যোগ করে অশ্বিনের বলে ক্যাচ দিয়েছেন।
বেশিক্ষণ থাকতে পারেননি ওয়েডও। ৪০ রানে জাদেজার বলে এলবিডব্লিউয়ে কাটা পড়েছেন তিনি। এরপর লায়ন ও হ্যাজেলউডকে ঝটপট তুলে নিয়ে লেজটা মুড়ে দেন জাদেজা। ইনিংসে ৬৩ রানে ৬ উইকেট তার। অশ্বিনের ২টি।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ২৩ রান তুলে ফেলেছে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত লোকেশ রাহুল ১৫ ও অভিনব মুকুন্দ ৬ রানে ব্যাট করছেন।
এর আগে অস্ট্রেলিয়া ম্যাট রেনশোর ৬০ ও শন মার্শের ৬৬ রানে প্রথম ইনিংসে একশর কাছে লিডের ভিত্তি গড়ে। আর প্রথম ইনিংসে ১৮৯ রানে গুটিয়ে গিয়েছিল ভারত। নাথান লায়ন ৫০ রানে ৮ উইকেট নেন।









