অস্কারের লাল গালিচায় সৌন্দর্যের অঘোষিত প্রতিযোগিতায় মেতে ওঠেন তারকারা। আকর্ষণীয় দেখানোর জন্য চলে নানান আয়োজন। ডিজাইনার পোশাক, জুতা, ব্যাগ, গহনা নির্বাচনের পর সব শেষ কাজটা থাকে ত্বক চর্চা এবং মেকআপ। আর এর জন্য তারা বেছে নেন পছন্দের মেকআপ আর্টিস্ট কিংবা স্কিন স্পেশালিস্টকে। জেনে নিন অস্কার আসরের তারকাদের সৌন্দর্যের কারিগরদের সম্পর্কে।

ট্রেসি কুনিংহাম
অস্কারের মৌসুমে দম ফেলার সময় পান না ট্রেসি কুনিংহাম। বিলাসবহুল বেভারলি হিলস স্যালুন এর কর্ণধার ট্রেসি সাজাবেন জেনিফার গার্নার, জেনিফার লোপেজ, সিয়েন্না মিলারসহ আরও অনেক তারকাকে।

অ্যানেস্তেসিয়া
তারকা অপ্রা উইনফ্রে জানিয়েছেন এবার অস্কারে তিনি শিকাগো থেকে লসঅ্যাঞ্জেলসে যাবেন শুধুমাত্র অ্যানেস্তেসিয়াকে দিয়ে তার আইব্রো মেকআপে করিয়ে নেয়ার জন্য। বলা হয়ে থাকে মেকআপ আর্টিস্ট অ্যানেস্তেসিয়া নিমিষেই তার মেকআপের যাদুতে বয়স কমিয়ে ফেলতে পারেন। এবারের আসরে তার কাছে সাজবেন জুলিয়া রবার্টস, এমা রবার্টস, ভিক্টোরিয়া বেকহাম, হেডেন প্যানিটার, হাইডি ক্লাম।

সোনিয়া ডাকার
কর্মব্যস্ততার ছাপ চেহারার যেন না পরে সেজন্য সোনিয়া ডাকারের কাছে অনেক তারকাই ভীড় জমান। অস্কারের লাল গালিচায় হাটার আগে ত্বকের ফেসিয়াল এবং অন্যান্য স্কিন ট্রিটমেন্টগুলোর জন্য তারকাদের তিনি নির্ভরযোগ্য নাম। সোনিয়া ডাকারের স্যালুনে হ্যাংওভার ফেসিয়াল, অ্যাপল স্টেম সেল ফেসিয়াল এবং স্নেক ভেনম ফেসিয়ালের মত বিশেষ ধরনের ফেসিয়াল করার সুযোগ আছে।

ট্রেসি মার্টিন
যদি আপনার মনে হয় কোনও তারকা যুগ যুগ ধরে যৌবন ধরে রেখেছে, তাহলে বুঝে নিন এর পেছনের রহস্য হলেন ট্রেসি মার্টিন। ট্রেসি মার্টিনের ‘লা পপ-আপ’ সেলুনের ‘রেড কার্পেট ফেসিয়াল’ এর মাধ্যমেই ম্যাডোনা, সুসান স্যারান্ডন, কেট উইন্সলেট তাদের বয়সের ছাপ লুকিয়ে রাখেন। এই বিশেষ ফেসিয়ালে অল্প বিদ্যুৎ প্রবাহ এবং এলইডি লাইটের মাধ্যমে ত্বকে কোলাজেন ফরমেশন এবং নমনীয়তা বৃদ্ধি পায়।

জোয়ানা ভারগাস
নিউইয়র্কের স্কিন কেয়ার গুরুখ্যাত জোয়ানা ভারগাস অস্কারের আগে ওয়েস্ট কোস্টে তারকাদের জন্য অস্থায়ী স্যালুন তৈরি করেন। এমা স্টোন, মাইকেল উইলিয়ামস এবং নাওমি ওয়াটস নিয়মিত তার ‘এলইডি লাইট ফেসিয়াল’ সেবা গ্রহণ করেন। যারা নিয়মিত তার স্যালুনে যান তারা অস্কার আসরে নিজেকে আকর্ষণীয় দেখানোর জন্য অস্থায়ী সেলুনে ভীড় জমান।

মিলা মৌরসি
অস্কার উপস্থাপকের ত্বকের যত্ন নেয়ার দায়িত্ব থাকে এই স্কিন স্পেশালিস্টের। তিনি তার স্কিন ট্রিটমেন্টের মাধ্যমে তারকাদের চেহারা থেকে বয়সের ছাপ এবং ক্লান্তি দূর করেন। তার বিশেষ স্কিন ট্রিটমেন্টের মাধ্যমে ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, নতুন কোষ গঠিত হয় এবং ত্বকের ন্যাচারাল গ্লো বেড়ে যায়।
সূত্র- ইনস্টাইল








