বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সত্য ও ন্যায়ের পক্ষে অসুর শক্তিকে পরাজিত করার আহ্বানের এক দিনের মাথায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বললেন, ‘বাংলাদেশের রাজনীতিতে অসুর শক্তি বিএনপি। এ দল বাংলাদেশের রাজনীতিতে থাকলে দেশে শান্তি আসবে না।’
এ সময় তিনি দেশের রাজনীতিতে বিএনপিকে সাম্প্রদায়িক অপশক্তির আশ্রয়দাতা এবং লালনকারী হিসেবে অভিযোগ করেন।
বুধবার রাতে শারদীয় দুর্গোৎসবের অষ্টমীতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে (কেআইবি) সনাতন সমাজ কল্যাণ সংঘ (সসকস) আয়োজিত মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সনাতন ধর্মাবলম্বীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন: প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে আমাদের চমৎকার সম্পর্ক বিরাজ করছে। আমাদের সরকারের সময়ে ভারতের সঙ্গে দীর্ঘদিনের সীমান্ত সমস্যার সমাধান হয়েছে। আমার বিশ্বাস করি, এ পথ ধরে তিস্তা সমস্যারও সমাধান হবে। গঙ্গার পানি সমস্যার সমাধান হয়েছে, তিস্তারও যথেষ্ট অগ্রগতি হয়েছে।
তিনি যোগ করেন: বিএনপি নেতৃত্বে সাম্প্রদায়িক শক্তি চায় না ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকুক। এই সুসম্পর্ক যাতে করে নষ্ট হয়, সেজন্য এরা দেশের বিভিন্ন জায়গায় অশান্তি সৃষ্টি করতে পারে; উস্কানি দিতে পারে। এরা অসুর। সাম্প্রদায়িক শক্তি হচ্ছে অসুর শক্তি।
বিএনপিকে সাম্প্রদায়িক অসুর শক্তি আখ্যা দিয়ে কাদের বলেন: বাংলাদেশ এই অসুর শক্তি হচ্ছে বিএনপি। এই অশুভ শক্তিকে পরাজিত করতে হবে, পরাভূত করতে হবে। বিএনপি যতদিন এদেশের রাজনীতিতে আছে আমি বলে গেলাম এ দেশের শান্তি আসবে না।
বিএনপি একটি সন্ত্রাসী, সাম্প্রদায়িক দল ও দুর্নীতিবাজদের দল বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
যারা সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে সংখ্যালঘুদের সম্পত্তি দখল করতে চায়, তাদের কোন দল নেই মন্তব্য করে আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ সাংগঠনিক এ নেতা বলেন: সনাতন ধর্মাবলম্বীদের জন্য নিরাপদ আবাসস্থল বাংলাদেশ। তারা বাংলাদেশে নিরাপত্তা খুঁজে পায়। যারা হিন্দু সমাজের জায়গা-জমি মন্দির এগুলো দখলের মানসিকতা রাখে এরা কোন দলের নয়। এরা দুর্বৃত্ত। এরা আপনাদের যেমন শত্রু, আমাদেরও শত্রু।
যোগ করেন: সরকার যদি এসবের পৃষ্ঠপোষক হয় এই দুর্বৃত্তরা বেশি করে প্রশ্রয় পাবে। সরকারের পলিসি যদি এন্টি মাইনোরিটি হয়, কত ভয়াবহ পরিণতি হতে পারে তার প্রমাণ ২০০১ সাল। মাইনরিটিদের ওপর ২০০১ সালের নির্যাতনের বিভীষিকা আবারও ফিরে আসবে যদি শেখ হাসিনা ক্ষমতায় না থাকে।
এসময় তিনি বিএনপি সাম্প্রদায়িক দল বলে অভিযোগ করেন। বলেন: বিএনপি একটি সাম্প্রদায়িক দল। এদের হাতে সনাতন ধর্মাবলম্বীরা অতীতেও নিরাপদ ছিল না, ভবিষ্যতেও থাকবে না। আমাদেরও কিছু ভুল ত্রুটি থাকতে পারে, আওয়ামী লীগ সরকারের সব জায়গায় ভালো লোক এ দাবি আমি করব না; কিছু লোক আছে ক্ষমতাসীন দলে ঢুকে শুধু অপকর্ম করার জন্য আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছি।
সনাতন ধর্মাবলম্বীদের নিজেকে ছোট মনে না করে, অন্য সকলের মতই সাধারণ নাগরিক হিসেবে দেখা আহ্বান জানান তিনি। মনে করিয়ে দেন, তাদেরও সমান অধিকার রয়েছে।







