বেঙ্গালুরুতে রোববারের দিনটি হতে পারে ম্যাচের গতিপথ নির্ধারক। ভারত যেমন চাইবে দ্রুত উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে অল্পতে থামিয়ে দিতে, অজিরাও চাইবে সংগ্রহটা স্বাগতিকদের নাগালের বাইরে টেনে নিতে। তাতে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ২ উইকেট তুলে নিয়েছে ভারত, আর ৮৭ রান তুলে ফেলেছে অতিথিরা। এর মাঝেই ঘটে গেছে অশ্বিন-ওয়ার্নারের দারুণ এক মেলবন্ধনও!
এম চিন্নাস্বামী স্টেডিয়ামে কোন উইকেট না হারিয়ে ৪০ রান নিয়ে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শুরু করেছিল অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার ২৩ ও ম্যাট রেনশো ১৫ রানে ক্রিজে এসেছিলেন। দুজনে ৫২ রান করে বিচ্ছিন্ন হয়েছেন। যাতে ভূমিকা রবিচন্দ্র অশ্বিনের। ওয়ার্নারকে (৩৩) বোল্ড করে ব্রেক-থ্রু এনেছেন এই স্পিনার। সেটাই এক সুতোয় বেঁধেছে অশ্বিন-ওয়ার্নারকে।
এই দুজনে মুখোমুখি হয়েছেন ১২ টেস্টে। সর্বশেষ বোল্ড হওয়ায় অশ্বিনের বলে ৮ বার আউট হওয়ার তিক্ত স্বাদ মিলল ওয়ার্নারের। ৪৭তম টেস্ট খেলতে থাকা অশ্বিনের ক্যারিয়ারেই যেটা প্রতিপক্ষের যেকোনো ব্যাটসম্যানকে সর্বাধিকবার আউট করার অভিজ্ঞতা। এক্ষেত্রে উল্টো অভিজ্ঞতা ওয়ার্নারের। ৬২তম টেস্টে খেলতে থাকা এই উদ্বোধনী ব্যাটসম্যান আর কোন বোলারের হাতেই এতবার আউট হননি।
বলাই যায় ক্রিকেটীয় লড়াইয়ের আড়ালে আউট হওয়া-করার এই পরিসংখ্যান এক সুতোয় বেঁধেছে অশ্বিন-ওয়ার্নারকে। যদিও ভারতীয় তারকা সম্পর্কের এই সুতোটা আরো লম্বা করতে চাইলেও অজি তারকা সেটাকে কেটেই ফেলতে চাইবেন নির্ঘাত।
দুজনের ব্যক্তিগত এই লড়াইয়ের পর জাদেজা ফিরিয়েছেন স্টিভেন স্মিথকে (৮)। রেনশো ৪১ ও শন মার্শ ৩ রানে সংগ্রহটা বাড়িয়ে নিতে লড়ছেন। ভারত প্রথম ইনিংসে ১৮৯ রানে গুটিয়ে যায়।







