ক্রিকেট

অল্পের জন্য ইতিহাস গড়া হলো না মেয়েদের

উইন্ডিজের কাছে হার ৪ রানে

ক্রিকেটার উইকেটের পাশে বসে মনোযোগীভাবে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ক্রিকেটার উইকেটের পাশে বসে প্রস্তুতি নিচ্ছেন, মাঠে খেলার দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

তীরে এসে তরী ডুবল বাংলাদেশের মেয়েদের। জয়ের সুবাশ পেলেও জয়টা পাওয়া হলো না। আশা জাগিয়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৪ রানে হেরে গেছে টিম টাইগ্রেস। মাউন্ট মঙ্গানুইয়ে ১৪১ রানের সহজ লক্ষ্য কঠিন হয়ে যায় থিতু হওয়া ব্যাটাররা উইকেট বিলিয়ে আসায়।

বিশ্বকে চমকে দেওয়ার বিরাট সুযোগ এসেছিল বাংলাদেশের মেয়েদের সামনে। ওয়ানডেতে প্রথমবার মুখোমুখি হয়েই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের দারুণ পথ তৈরি করে নিগার সুলতানা জ্যোতির দল।

শেষে নাহিদা আক্তারের ব্যাটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষটা হয় আক্ষেপের। অপর প্রান্তে ফারিহা ইসলাম বোল্ড হয়ে গেলে আফসোসে মুষড়ে পড়েন অপর প্রান্তে ২৫ রানে অপরাজিত থাকা এ ব্যাটার।

বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় পেতে শেষ ৪ বলে ৫ রানের প্রয়োজন ছিল বাংলাদেশের। স্ট্রাইক পাওয়া ফারিহা সিঙ্গেলস নিতে পারলেই সহজ হয়ে যেত কাজটা। কেননা দারুণ ব্যাট করছিলেন নাহিদা। কিন্তু স্টেফেনি টেলরের ডেলিভারিটি ব্যাটের কানায় লেগে আঘাত হানে স্টাম্পে। ফারিহার আউট হওয়ার সঙ্গে সঙ্গেই স্বপ্ন ভাঙে টাইগ্রেস মেয়েদের।

৩ বল আগেই বাংলাদেশ গুটিয়ে যায় ১৩৬ রানে। অধিনায়ক নিগার সুলতানা ২৫, ফারজানা হক ২৩, সালমা খাতুন ২৩ ও শারমিন সুপ্তা ১৭ রান করেন। ৫ ব্যাটার আউট হন শুন্য রানে। যারা রান পেয়েছেন তারাও উইকেট দিয়েছেন নিজেদের ভুলে।

বোলিং ইউনিট হিসেবে জ্বলে ওঠার পর ব্যাট হাতেও শুরুর দিকে দুর্দান্ত নিবেদন। তাতে ভারী হচ্ছিল বাংলাদেশের জয়ের পাল্লা। কিন্তু দ্রুত কয়েকটি উইকেট তুলে ম্যাচে ফেরে ওয়েস্ট ইন্ডিজ। শেষ দিকে আবারও সালমা খাতুন ও নাহিদা আক্তার দেখাচ্ছিলেন আশা। রোমাঞ্চকর ম্যাচে ৪ রানের আক্ষেপ সঙ্গী হলো মেয়েদের।

আগের ম্যাচে পাকিস্তানকে হারিয়েই বিশ্বকাপে প্রথম জয় পায় বাংলাদেশ। সেটি ছিল অনেকটা প্রত্যাশিত। তবে ক্যারিবীয়দের হারাতে পারলে সেটি হতো অনেক বড় অর্জন। কেননা দলটি অনেক বেশি শক্তিশালী।

উইন্ডিজ স্পিনাররা ১০ উইকেট শিকার করেছেন বাংলাদেশের। অফস্পিনার হেইলি ম্যাথুস ১০ ওভারে মাত্র ১৫ রানে নেন ৪ উইকেট। লেগ স্পিনার অ্যাফি ফ্লেচার ও আরেক অফস্পিনার টেলর নেন তিনটি উইকেট।

হ্যামিল্টনে টস হেরে বোলিং বেছে নেয় বাংলাদেশ। উইন্ডিকে আটকে ফেলে দেড়শর আগেই। শেইমিন ক্যাম্বেল ৫৩ রানে অপরাজিত থাকেন। ৭০ রানে ৭ উইকেট হারানো দলটি তার ব্যাটেই ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪০ পর্যন্ত যেতে পারে।

নাহিদা ও সালমা নেন দুটি করে উইকেট। দুজনই ১০ ওভারে দেন সমান ২৩ রান। রুমানা আহমেদ, রিতু মনি ও জাহানারা আলম একটি করে উইকেট নেন।

বিষয়:টাইগ্রেসবাংলাদেশবাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…