একের পর এক রেকর্ড হয়েছে রিও অলিম্পিকের অষ্টম দিনে। রেকর্ড গড়ে ছেলেদের ৪শ’ মিটার মিডলে রিলেতে স্বর্ণজয় করেছে যুক্তরাষ্ট্র। দলে ফেল্পস ছাড়াও ছিলেন আরও তিনজন। এ নিয়ে ফেল্পস তার অলিম্পিক ক্যারিয়ারে ২৩তম স্বর্ণ জিতলেন। আর এদিন অলিম্পিকে প্রথম দেশ হিসেবে হাজারতম স্বর্ণ জিতেছে যুক্তরাষ্ট্র।
নারীদের ৪শ’ মিটার মিডলে রিলে দিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের হাজারতম স্বর্ণ। অষ্টম দিনে ছেলেদের টেনিসের ফাইনালে উঠেছেন ব্রিটেনের অ্যান্ডি মারে ও আর্জেন্টিনার জুয়ান মার্টিন দেল পোত্র। সেমিফাইনালে স্পেনের রাফায়েল নাদালকে হারান তিনি। আর জাপানের কেই নিশিকোরিকে পরাজিত করেন মারে।
মেয়েদের টেনিসের ফাইনালে পুয়ের্তো রিকোর মনিকা পুয়িগের কাছে হেরেছে জার্মানির অ্যাঞ্জেলিক কারবার।
পুরুষদের ডাবলসে স্বর্ণ জিতেছেন নাদাল ও লোপেজ। মেয়েদের ফুটবলে চীনকে ১-০ গোলে জার্মানি, আর ফ্রান্সকে একমাত্র গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে কানাডা।
বিশ্বরেকর্ড গড়ে মেয়েদের সাইক্লিংয়ে স্বর্ণ জিতেছে ব্রিটেন। ব্রিটেনের প্রথম নারী হিসেবে তৃতীয় অলিম্পিক স্বর্ণ জিতলেন লরা ট্রোট। ছেলেদের ভারোত্তোলনে ৯৪ কেজি ক্যাটাগরিতে স্বর্ণ জিতেছেন ইরানের সোহরাব মোরাদি। 
রিও অলিম্পিকে ২৪টি স্বর্ণ জিতে পদক তালিকার শীর্ষ স্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। ১৩টি স্বর্ণ নিয়ে তালিকার ২য় অবস্থানে আছে চীন। আর ১০টি স্বর্ণ জয় করা ব্রিটেন আছে ৩ নম্বরে।







