মোট কয়টি দল পড়বে গ্রুপ অব ডেথ’এ? মোনাকোতে চ্যাম্পিয়ন্স লিগের ড্রয়ের আগে এই প্রশ্নই উচ্চকিত হচ্ছিল। ২০১৮-১৯ মৌসুমের গ্রুপপর্বের ড্র শেষে দেখা যাচ্ছে আটটি গ্রুপের চারটিতেই জায়ান্ট দলের ছড়াছড়ি, মানে কঠিন খ্যাত গ্রুপ অব ডেথ!
বৃহস্পতিবার রাতে মোনাকোতে হওয়া ড্রয়ে গ্রুপ ‘এ’তে পড়েছে গতবারের সেমিফাইনালিস্ট অ্যাটলেটিকো মাদ্রিদ। একই গ্রুপে স্প্যানিশ জায়ান্টদের প্রতিপক্ষ জার্মান্ট জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ড, লিগ ওয়ানের গতবারের রানার্সআপ মোনাকো ও বেলজিয়ান দল ক্লাব ব্রুজ।
স্বস্তিতে নেই বার্সেলোনাও। গ্রুপ ‘বি’তে তাদের সঙ্গী হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের গতবারের রানার্সআপ টটেনহ্যাম। আছে দুবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ইতালির ইন্টার মিলান ও নেদারল্যান্ডসের জায়ান্ট পিএসভি আইন্দহোভেন। এই গ্রুপটিই সবচেয়ে কঠিন বলা হচ্ছে।
চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে নতুন করে দল সাজিয়েছে জুভেন্টাস। আর এবারই গ্রুপপর্বে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি সিরি আ চ্যাম্পিয়নরা। গ্রুপ ‘এইচ’তে তাদের প্রতিপক্ষ ইংলিশ জায়ান্ট ম্যানইউ, স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়া ও সুইজারল্যান্ডের ইয়াং বয়েজ।
কঠিন গ্রুপে পড়েছে নেইমারের পিএসজিও। লিগ ওয়ান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ হয়েছে মোহামেদ সালাহর লিভারপুল, সিরি আ জায়ান্ট নাপোলি ও সার্বিয়ান দল রেড স্টার বেলগ্রেড।
সেখানে গ্রুপ ‘জি’তে পড়েছে রিয়াল মাদ্রিদ, এএস রোমা, সিএসকে মস্কো ও ভিক্টোরিয়া প্লাজেন। কঠিন পরীক্ষা হবে এই গ্রুপের লড়াইয়েও।
রিয়াল মাদ্রিদ ও এসি মিলানের ব্রাজিলিয়ান তারকা কাকা এবং অ্যাটলেটিকো মাদ্রিদের উরুগুইয়ান সাবেক ফরোয়ার্ড ডিয়েগো ফোরলানের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ড্র।
এক নজরে কোন দল কোন গ্রুপে
গ্রুপ ‘এ’: অ্যাটলেটিকো মাদ্রিদ, বরুশিয়া ডর্টমুন্ড, মোনাকো, ক্লাব ব্রুজ।
গ্রুপ ‘বি’: বার্সেলোনা, টটেনহ্যাম হটস্পার, পিএসভি আইন্দহোভেন, ইন্টার মিলান।
গ্রুপ ‘সি’: প্যারিস সেন্ট জার্মেইন, নাপোলি, লিভারপুল, রেড স্টার বেলগ্রেড।
গ্রুপ ‘ডি’: লোকোমোটিভ মস্কো, এফসি পোর্তো, শালকে-০৪, গ্যালাতাসারাই।
গ্রুপ ‘ই’: বায়ার্ন মিউনিখ, বেনফিকা, আয়াক্স, এইকে এথেন্স।
গ্রুপ ‘এফ’: ম্যানচেস্টার সিটি, শাখতার দোনেৎস্ক, অলিম্পিক লিওঁ, হফেনহেইম।
গ্রুপ ‘জি’: রিয়াল মাদ্রিদ, এএস রোমা, সিএসকে মস্কো, ভিক্টোরিয়া প্লাজেন।
গ্রুপ ‘এইচ’: জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড, ভ্যালেন্সিয়া, বিএসসি ইয়াং বয়েজ।







