চট্টগ্রাম টেস্টের প্রথমদিন তামিমের পর মুমিনুল হকও অর্ধশতক তুলে নিয়েছেন। ২৬ ম্যাচে এটি তার ১৩তম অর্ধশতক। এই ম্যাচের আগে তার রান ছিল ১৮৪০। তিনি এখন দুই হাজার রানের পথে।
বাংলাদেশ এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলতে থাকে। তামিম ৫৩ বলে ৫২ করে বিদায় নেন। ৭৫ বলে ৪০ করে যান ইমরুল।
মুমিনুল সর্বশেষ অর্ধশতক পান ২০১৭ সালের সেপ্টেম্বরে। সাউথ আফ্রিকার বিপক্ষে।
তিন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে খেলছে স্বাগতিকরা। চার বছর পর স্কোয়াডে ডাক পাওয়া বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক একাদশে সুযোগ পাননি। স্পিন-অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের সঙ্গে আছেন তাইজুল ইসলাম। স্পিন সামলাতে তাদের সঙ্গী সানজামুল।
জাতীয় দলের জার্সিতে ৩টি ওয়ানডে খেলার পর টেস্ট অভিষেক হল ২৮ বছর বয়সী সানজামুলের। ৫টি আন্তর্জাতিক উইকেট আছে তার। তবে ৬০টি প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচে ২২৪ ও ৭২টি লিস্ট-এ ম্যাচে ৯৪ উইকেটের মালিক তিনি।
বাংলাদেশের ৮৭তম ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেক হল সানজামুলের। সবশেষ গত বছরের মার্চে টেস্ট অভিষেক হয়েছিল মোসাদ্দেক হোসেন সৈকতের। এই শ্রীলঙ্কার বিপক্ষেই। নিজেদের শততম টেস্টে। লঙ্কার মাটিতে সেই টেস্টটি জিতেছিল লাল-সবুজরা।








