অভ্যন্তরীণ পর্যটন বৃদ্ধি পাওয়াসহ দেশের ভেতরের গন্তব্যসমূহে ক্রমবর্ধমান যাত্রী চাহিদার প্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুটে রোববার থেকে ফ্লাইট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ২৫ মার্চ থেকে চালু হওয়া গ্রীষ্মকালীন ফ্লাইট সূচি অনুযায়ী বিমান দেশের অন্যতম পর্যটন গন্তব্য কক্সবাজারে সপ্তাহে ৭টির স্থলে ১০টি ফ্লাইট পরিচালনা করবে।
এছাড়া ঢাকা-যশোর রুটে সপ্তাহে ৭টির স্থলে ৮টি এবং ঢাকা-বরিশাল রুটে সপ্তাহে ২টির স্থলে ৩টি ফ্লাইট পরিচালনা করবে। এছাড়া ঢাকা-চট্টগ্রাম রুটে সপ্তাহে ৩০টি ফ্লাইট থেকে বৃদ্ধি করে ৩২টিতে উন্নীত করা হয়েছে এবং সিলেট রুটে ৩১টির স্থলে ৩৪টি ফ্লাইট পরিচালনা করা হবে।
বিমান সূত্র জানায়, ঢাকা-কক্সবাজার রুটে প্রতিদিন ১টি করে বোয়িং ফ্লাইট এর পাশাপাশি সপ্তাহের শনি, সোম ও বৃহস্পতিবার ১টি করে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করা হবে। ঢাকা-কক্সবাজার রুটে ওয়ান ওয়ে সর্বনিম্ন ভাড়া সকল প্রকার ট্যাক্স ও সারচার্জসহ ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া গ্রীষ্মকালীন সূচি অনুযায়ী, চট্টগ্রাম-কক্সবাজার রুটে সপ্তাহে ৩টি ফ্লাইট পরিচালনা করবে। শনি, সোম ও বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে সকাল ৮ টা ১৫ মিনিটে ছাড়বে এবং কক্সবাজার পৌঁছাবে ৮ টা ৪০ মিনিটে। চট্টগ্রাম-কক্সবাজার রুটে ওয়ান ওয়ে ভাড়া নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ১ হাজার ৫০০ টাকা। ঢাকা-রাজশাহী ও ঢাকা-সৈয়দপুর রুটে প্রতি সপ্তাহে যথাক্রমে ৪টি ও ৭টি ফ্লাইট পরিচালনা করছে বিমান।







