অন্যায়, অপকর্ম, অনিয়ম-দুর্নীতি ও শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার বিকালে জাতীয় শিল্পকলায় চতুদশ জাতীয় শিশু কিশোর নাট্য ও সাংস্কৃতিক উৎসবের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কাদের বলেন: চলমান অভিযান অব্যাহত থাকবে। যতদিন আমরা এই বাংলাদেশকে এই শিশুদের জন্য তাদের নির্ভরযোগ্য সুন্দর ও নিরাপদ বাসস্থান এবং নিরাপদ গড়ে তুলতে না পারি ততদিন শেখ হাসিনা সরকারের মাদকের বিরুদ্ধে, সন্ত্রাস বিরুদ্ধে শিশু নির্যাতনের বিরুদ্ধে অভিযান চলবে।
এসময় সেতুমন্ত্রী আরও বলেন: আমাদের এ এলাকাটি ঘিরে তিনটি স্থাপনা আছে। বাংলা একাডেমি, স্বাধীনতা স্তম্ভ ও শিল্পকলা। স্বাধীনতা স্তম্ভের কাজ এতদিনে শেষ হওয়ার কথা ছিল। আশা করি সংশ্লিষ্ট মন্ত্রী বিষয়টি দেখবেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে জানিয়ে কাদের বলেন: তিনি সারাক্ষণ জেগে আছেন বলেই বাংলাদেশ আজ ঘুমাতে পারে। তাকে যে কোন সময় ফোন দেন পাবেন। রাত দুটা বাজেও ফোন দেন পাবেন। তিনি আসলে কোন সময় ঘুমান তা আমার বোধগম্য নয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন: সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এস খালিদ, শিল্পী মুস্তফা মনোয়ার, রামেন্দু মজুমদারসহ অনেকে।








