লিবিয়া এবং অস্ট্রিয়ায় অভিবাসীদের মৃত্যুর ঘটনায় আগামী ১৪ সেপ্টেম্বর জরুরি বৈঠক আহ্বান করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউ’র প্রধান জানান, ক্রমবর্ধমান অভিবাসী সমস্যা যেনো আরো ভয়াবহ না হয়ে ওঠে এবং কার্যকরভাবে এই সমস্যা প্রতিরোধের জন্য ইইউ’র ২৮ সদস্য রাষ্ট্রের নীতি নির্ধারকদের নিয়ে অনুষ্ঠিত হবে এই বিশেষ বৈঠক।
রোববার লুক্সেমবার্গে ইইউ’র সাধারণ অধিবেশনের সময় এক বিবৃতিতে ওই বৈঠকের আহ্বান করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের ভিতরে বা বাহিরে এই অবৈধ অভিবাসী সমস্যা ও তাদের মর্মান্তিক মৃত্যুর ঘটনা এখন ভয়াবহ হয়ে উঠেছে।
অস্ট্রিয়ায় পরিত্যক্ত ট্রাকে ৭০ জনেরও বেশি শরণার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় ২৯ আগস্ট শনিবার গভীর সমবেদনা প্রকাশ করে ইইউকে এ বিষয়ে সতর্ক করে দিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।
তিনি বলেন, সিরিয়া, লিবিয়া, আফগানিস্তানের মতো দেশগুলো থেকে অভিবাসীরা এই মৃত্যুর পথ বেঁছে নিচ্ছেন। মধ্যপ্রাচ্যে চলমান দ্বন্দ্ব সমাধান করতে এবং যুদ্ধ চলছে এমন দেশগুলো থেকে অভিবাসীদের দেশ ছাড়া বন্ধ করতে আর্ন্তজাতিক সংস্থাগুলোকে আরো কার্যকর ভূমিকা রাখারও আহ্বান জানান বান কি মুন।






