প্রেসিডেন্ট হলে অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে কঠিন পরীক্ষার আইন পাস করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রকে ইসলামী জঙ্গিদের হাত থেকে নিরাপদ রাখতেই তার এই পদক্ষেপ বলে জানান ট্রাম্প। সোমবার ওহাইয়ো রাজ্যে এক নির্বাচনী প্রচারণায় ট্রাম্প এই ঘোষণা দেন। তিনি বলেন, সেই সব লোকদেরকেই যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেয়া উচিত যারা যুক্তরাষ্ট্রের মূল্যবোধকে সম্মান জানায়।
এলজিবিটি এবং ধর্মীয় সহনশীলতার মতো পশ্চিমা মূল্যবোধ রয়েছে এমন মানুষেরাই কেবল যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবে এমনটাই জানান ট্রাম্প।
কিছু কিছু দেশের নাগরিক যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য ভিসা পাবে না বলেও জানান ডোনাল্ড ট্রাম্প। তবে কোন দেশগুলো ভিসা পাবে না সেই বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি।
ট্রাম্পের এই পরিকল্পনাকে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন ‘রূঢ় চাল’ বলে অভিহিত করে ঘৃণা প্রকাশ করেছেন। তার এক মুখপাত্র বলেছেন, ট্রাম্পের এই তথাকথিত ‘নীতি’ গুরুত্ব দিয়ে নেয়া সম্ভব নয়।
হিলারির ওই মুখপাত্র বলেন, ‘যিনি নিজে বিয়েতে সমঅধিকারের বিরোধী এবং ইন্ডিয়ানায় এলজিবিটি-বিরোধী আইনে সই করা আরেকজনকে (মাইক পেন্স) রানিং মেট হিসেবে বাছাই করেছেন, তিনি কীভাবে এখন সোজা-সরল চেহারা নিয়ে এসব কথা বলছেন?’










