ইউরোপের উদ্দেশ্যে ভূমধ্যসাগর পাড়ি দিতে চাওয়া অভিবাসীদের ক্ষেত্রে সবচেয়ে প্রাণঘাতী একটি বছর এই ২০১৬ সাল। বছরটি শেষ হতে আরও ২ মাসের বেশি বাকি থাকলেও ইতিমধ্যেই প্রাণ কেড়ে নেওয়ায় পূর্বের রেকর্ড ছাড়িয়েছে।
জাতিসংঘের শরণার্থী সংস্থা বুধবার এমনটি জানায়।
“আমরা এখন নিশ্চিত করতে পারি যে কমপক্ষে ৩৮০০ জন মারা গেছেন, যা ২০১৬কে সবচেয়ে বেশি প্রাণঘাতী করে তোলে।” টুইটারে এমনটি লিখেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর’এর মুখপাত্র উইলিয়াম স্পিন্ডলার।

ইউএন রেডিও এর হিসাব অনুযায়ী, ২০১৫ সালে মোট ৩৭৭১ জন সাগর পাড়ি দিতে গিয়ে মারা যান। যা ছিলো পূর্বের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়, অনেক অভিবাসী উত্তর আফ্রিকান উপকূল লিবিয়া থেকে ইতালির সৈকতে পৌছানোর চেষ্টা করে। উত্তর আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার জন্য লিবিয়া একটি জনপ্রিয় জাম্পিং-অফ এলাকা। এই পথটিতে আবার পাচার চক্র বেশ প্রতিষ্ঠিত এবং কেন্দ্রীয় সরকারের উদাসীনতা এদের কাজকে সহজতর করেছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থা পথটিকে “প্রবল স্রোত এবং ভয়ঙ্কর আবহাওয়ার জন্য চরম বিপদজনক” বিবেচনা করে বলে জানায় ইউএন রেডিও। তবুও আরও ভালো জীবনের আশায় বা যুদ্ধ থেকে বাঁচতে মানুষের স্রোত থামছে না। প্রায় সময়ই নৌকায় ঠাসাঠাসি করে অনেকের শুরু হয় বিপদজনক যাত্রা।










