টিভি নাটকের দর্শকপ্রিয়তায় যারা এগিয়ে আছেন, তাদের মধ্যে অন্যতম সুমাইয়া শিমু। তবে গত দেড় বছরে তাকে নাটকে পাওয়া গেছে হাতেগোনা কয়েকবার। তবে কি শিমু নাটকের অভিনয় থেকে সরে যাচ্ছেন? নাকি স্বামীর সঙ্গে বিদেশ পাড়ি দিয়েছেন? এমন প্রশ্নের জবাব দিয়েছেন চ্যানেল আই অনলাইনের সঙ্গে।
শিমু বলেন, ‘কিছুদিন অভিনয় থেকে দূরে ছিলাম বলে সবাই বলাবলি করছে আমি নাকি অভিনয় ছেড়ে দিয়েছি, কথাটি সত্য নয়। ঘটনা হচ্ছে, আমার বাবা দীর্ঘদিন অসুস্থ ছিলেন। গত বছর শেষ দিকে ডাক্তার বলে দেন, বাবার অবস্বাথা খুব্বই সংকটাপন্ন। এজন্য আমি মানষিকভাবে একটু দূর্বল হয়ে পড়ি। বাবাকে নিয়মিত সময় দিতে গিয়ে অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েছিলাম। বাবার মৃত্যুর পর মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। তারপরও আমি কিন্তু নাটকে অভিনয় চালিয়ে গেছি। এখন অভিনয়ে আবার নিয়মিত হয়েছি। অভিনয় শিল্পটা আমার রক্তমাংসে ঢুকে গেছে। সেটা কি ছাড়তে পারব? অভিনয় বন্ধ করে দেইনি।’
নাটকের বর্তমান ব্যস্ততা নিয়ে শিমু বলেন, ‘গত সপ্তাহে আমার অভিনীত একটি ধারাবাহিক নাটকের প্রচার শুরু হয়েছে মাছরাঙা টেলিভিশনে। নাম ‘শূণ্যতা’। পান্থ শাহরিয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন অম্লান বিশ্বাস। এক ঘণ্টার কয়েকটি নাটকের কাজ করেছি গত দু্ই মাসে।’







