অভিনব কায়দায় সোশ্যাল মিডিয়া ‘উইচ্যাট’ য়ের মাধ্যমে স্বর্ণ পাচারের তথ্য আদান প্রদান করে স্বর্ণ পাচার করত একটি চক্র। তারা দীর্ঘদিন ধরে বিদেশ থেকে চোরাচালান চক্রের অন্যান্য সদস্যের মাধ্যমে চোরাই পথে বাংলাদেশ স্বর্ণ পাচার করছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
গত মঙ্গলবার রাতে বিমানবন্দরের কাওলাগামী রাস্তা থেকে প্রায় সাড়ে নয় কেজি স্বর্ণ, প্রিমিও প্রাইভেটকার ও ৩টি মোবাইলসহ তিনজনকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য (উত্তর) বিভাগের একটি দল। গ্রেফতারকৃতরা হল মোঃ ফারুক আহম্মেদ, মীর হোসেন, ও মোঃ শাহিন।
বৃহস্পতিবার দুপুরে ডিএমপি’র মিডিয়া সেন্টারে গোয়েন্দা ও অপরাধ তথ্য ( উত্তর) বিভাগের উপ-কমিশনার শেখ নাজমুল আলম এক সংবাদ সম্মেলনে এসব জানান।
তিনি বলেন, দুবাইয়ের রিজেন্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্বর্ণের চালানটি আসলে বিমানের সহযোগিদের মাধ্যমে হেঙ্গার গেইট দিয়ে স্বর্ণের বারগুলো গাড়িযোগে বাইরে নিয়ে আসে।
ডিসি শেখ নাজমুল আলম বলেন, গ্রেফতারকৃত মীর হোসেন এয়ারপোর্ট থেকে সকল সহযোগিতা করে, মো: শাহিন এয়ারপোর্টের ক্যাটারিং সেন্টারে চাকুরি করে। আর মো: ফারুকের বেশ কিছু স্বর্ণ এ চালানে রয়েছে।
তিনি বলেন: আমরা গ্রেফতারকৃতদের মোবাইলে দেখেছি তারা ‘উইচ্যাট’ ব্যবহার করে স্বর্ণের চালান সম্পর্কে বেশকিছু তথ্য আদান প্রদান করে। তদন্তের স্বার্থে এসব এখন বলা যাচ্ছে না। তারা মোট আটটি ধাপের প্রক্রিয়া শেষ করে বিমানবন্দর থেকে চোরাচালানটি বের হয়, আমরা আটটি চক্রে যারা জড়িত রয়েছে ,তাদের গ্রেফতারের যাবতীয় ব্যবস্থা গ্রহন করেছি।
ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য (উত্তর) বিভাগের সিনিয়র এসি মহরম চ্যানেল আই অনলাইনকে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত, রিমান্ডে জিজ্ঞাসাবাদে আরো অনেক তথ্য বের হয়ে আসবে বলেও জানান তিনি।








