বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করতে অভিনব উপায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবি জানিয়েছে একদল শিক্ষার্থী। এ জন্য প্রথমবারের মতো ক্যাম্পাসে তারা আয়োজন করে সাইকেল মিছিলের।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হওয়া এ সাইকেল মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে একই জায়গায় গিয়ে শেষ হয়। মিছিলে ডাকসুর নির্বাচনের দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যা-কার্ড প্রদর্শন করেন তারা।
এ ব্যাপারে ‘ডাকসুর দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের’ প্রধান সমন্বয়ক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মাসুদ আল মাহদী চ্যানেল আই অনলাইনকে বলেন: ডাকসুর ধারণা এখনও শিক্ষার্থীদের মাঝেই পরিষ্কার নয়। অনেকে জানেনই না যে ডাকসু কী জিনিস। তাই তারাসহ সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করার জন্যই আমরা এ অভিনব পন্থা বেছে নিয়েছি।
ডাকসু কার্যকরের দাবিতে ভবিষ্যতে আরও অভিনব কর্মসূচি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
সিনেটের বিশেষ অধিবেশনে উপাচার্য প্যানেল নির্বাচনের পর থেকে সংবাদ সম্মেলন, বিক্ষোভ সমাবেশসহ ধারাবাহিক কর্মসূচি দিয়ে আসছে তারা। আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যেই অনেকে প্রগতিশীল বিভিন্ন ছাত্র সংগঠনের পদধারী।








