বিভিন্ন কারণে অনিয়মিত বা অবৈধ হয়ে পড়া বাংলাদেশী নাগরিকদের দেশে ফেরত না পাঠানো বা বৈধতা প্রদানের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবে ইউরোপীয় ইউনিয়ন।
ইউরোপে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহে বসবাসরত অবৈধ প্রবাসী বাংলাদেশীদের ‘কথিত বহিস্কার পরিকল্পনা’ ও তাদের বৈধতা প্রদানের মাধ্যমে কিভাবে ইউরোপের মূলধারার সঙ্গে সম্পৃক্ত করা যায় সে বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন এর সাথে ইউরোপ প্রবাসী বাংলাদেশীদের সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন (আয়েবা)’র দীর্ঘ বৈঠকে সংশ্লিষ্ট ইইউ কর্মকর্তারা একথা বলেন। গত ২৫ মার্চ ব্রাসেলস এ ইউরোপীয় ইউনিয়নের প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রধান উপদেষ্টা আহমদ সামাদ চৌধুরী জেপি’র নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল ইউরোপিয়ান এক্সটারনাল একশন সার্ভিসের বাংলাদেশ, নেপাল, ভারত ও ভুটান বিভাগের প্রধান মারিয়া কাস্টিলো ফারনান্দেজ ও তাঁর সহকর্মীদের সঙ্গে বৈঠক করেন। অনিয়মত বা অবৈধ হয়ে পড়া প্রবাসী বাংলাদেশীদের কি ভাবে ইউরোপে বৈধতা প্রদান প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা যায় এবং এ বিষয়ে বিভিন্ন যুক্তি, তথ্য-উপাত্ত ও দাবি তুলে ধরা হয় আয়েবা’র পক্ষ থেকে ।
দুই ঘণ্টার বেশী সময় নিয়ে চলা এই বৈঠকে আয়েবা’র পক্ষ থেকে ইউরোপীয় ইউনিয়নে লিখিত বক্তব্যও হস্তান্তর করা হয়। প্রতিনিধি দলে আয়েবার মহাসচিব কাজী এনায়েত উল্লাহ, কোষাধ্যক্ষ মুহিবুর রহমান মুহিব, সহ-সভাপতি ফখরুল আকম সেলিম, জিন্নুরাইন জায়গীরদার, সাংগঠনিক সম্পাদক নুরুল ওয়াহিদ ও বাংলাদেশ কো-অরডিনেটর অ্যাডভোকেট তানবীর সিদ্দিকী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৫ এপ্রিল ইইউ প্রতিনিধি দলের সদস্যরা ঢাকায় স্বরাষ্ট্র, পররাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতি মন্ত্রী, মন্ত্রী এবং সচিব পর্যায়ে বৈঠক করে ইউরোপে বসবাসরত অবৈধ প্রবাসীদের দেশে ফেরত পাঠানোর ব্যাপারে সরকারের সহযোগিতা চাওয়া বিষয়ে ইইউ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে বাংলাদেশের গণমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। আতঙ্ক ও শঙ্কার মধ্যে পড়েন অবৈধ হয়ে পড়া হাজার হাজার প্রবাসী বাংলাদেশী ও তাদের পরিবার।
বৈঠকে মারিয়া কাস্টিলো ফারনান্দেজ গত ৫ এপ্রিল ঢাকায় প্রদত্ত যৌথ প্রেস রিলিজের কথা উল্লেখ করে বলেন, ইইউ সব সময় ইমিগ্রেন্ট ইস্যুকে মানবিক দৃষ্টিতে দেখে থাকে এবং অবৈধ প্রবাসী বাংলাদেশী ইস্যুটি মানবিক দৃষ্টিকোন থেকে বিবেচনা ও আয়েবার বক্তব্য এবং দাবীসমূহকে তারা গুরুত্ব সহকারে বিবেচনা করবেন।
বৈঠক শেষে আয়েবা প্রতিনিধি দলের প্রধান, সংগঠনের প্রধান উপদেষ্টা আহমদ সামাদ চৌধুরী জেপি বলেন, আয়েবার সকল দাবী বিবেচনায় রাখবে বলে জানিয়েছে ইইউ। তারা প্রবাসীদের এই দাবী বাস্থবায়নে ইইউ’র সাথে সকল ধরনের যোগাযোগ চালিয়ে যেথে একমত হয়েছেন।
আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ বলেন, শঙ্কিত প্রবাসীদের সংকট নিরসনে সকল ধরনের সহযোগিতা করবে আয়েবা। তারা প্রবাসীদের অধিকার বাস্তবায়নে প্রবাসী সংগঠনগুলোর পাশাপাশি বাংলাদেশ ও সংশ্লিষ্ট দেশের সরকারের সহযোগিতা কামনা করেন।
একই ইস্যুতে আয়েবা ফ্রান্স, স্পেন, ইতালি, পর্তুগাল, অস্ট্রিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশের অভিবাসন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবে।










