চট্টগ্রাম থেকে: অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজের জন্য জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হয়েছে ১০ জুলাই। তার প্রায় চার সপ্তাহ পর ক্যাম্পে যোগ দিচ্ছেন ফিজিও থিহান চন্দ্রমোহন। রোববার সকালে চট্টগ্রাম পর্বের ক্যাম্পে যোগ দেবেন এই অস্ট্রেলিয়ান।
শনিবার বিকেলে চট্টগ্রাম পৌঁছেছেন চন্দ্রমোহন। বিসিবির মিডিয়া বিভাগ নিশ্চিত করেছে তার আসার খবরটি।
চ্যাম্পিয়ন্স ট্রফির পর লম্বা ছুটি কাটিয়ে দলের অন্যসব কোচিং স্টাফরা সময়মত কাজ শুরু করে দিলেও চন্দ্রমোহনের যোগ দিতে বিলম্বের কারণ ছিল অসুস্থতা। তার অনুপস্থিতিতে জাতীয় দলের দায়িত্ব সামলেছেন বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম খান।
চন্দ্রমোহনের আগে বাংলাদেশ দলের ফিজিও ছিলেন ডিন কনওয়ে। ইংলিশ এই ফিজিওর সঙ্গে চুক্তি বাতিল করে বিসিবি। পরে অন্তবর্তীকালীন ফিজিও হিসেবে শ্রীলঙ্কা সফর থেকে কাজ শুরু করেন চন্দ্রমোহন। স্থায়ী নিয়োগ দেওয়া হয়নি তাকে। কোনও সিরিজ এলেই কেবল ডাকা হয় এই ফিজিওকে। নিয়োগ পাওয়ার পর সব সিরিজ বিদেশের মাটিতে হওয়ায় এবারই প্রথম তার বাংলাদেশে আসা।
৩৭ বছর বয়সী চন্দ্রমোহন প্রধান ফিজিও হিসেবে কাজ করেছেন ইংলিশ কাউন্টি ক্লাব হ্যাম্পশায়ারে। তার অভিজ্ঞতা আছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া স্টার্স ও ভিক্টোরিয়া বুশরেঞ্জার্সের হয়ে কাজ করার।







