দুবাই পৌঁছে বাংলাদেশ দল যখন এশিয়া কাপের প্রস্তুতিতে ব্যস্ত, তামিম ইকবাল তখন ভিসা জটিলতা কাটিয়ে বিমানে চড়ে বসার প্রতীক্ষায়। টাইগার দলের গুরুত্বপূর্ণ এ সদস্যের জটিলতার অবসান হয়েছে অবশেষে। মঙ্গলবার রাতেই উড়াল দিচ্ছেন এশিয়া শ্রেষ্ঠত্বের লড়াইয়ে খেলতে।
মঙ্গলবার বিকেলে সংযুক্ত আরব আমিরাতের ভিসা পেয়েছেন তামিম। রাত ১টা ৪০মিনিটে তার ফ্লাইট। বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম নিশ্চিত করেছেন তামিমের ভিসা ও উড়ালক্ষণের বিষয়টি।
ভিসা জটিলতায় দলের সঙ্গে যেতে না পারা আরেক ক্রিকেটার রুবেল হোসেন এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
তামিম মঙ্গলবার সকালেও মিরপুরের ইনডোরে ব্যাটিং অনুশীলন করেছেন। আঙুলে খানিকটা চোট থাকায় দেশে বসেই নিজেকে পরখ করে নিয়েছেন প্রতিনিয়ত। টুর্নামেন্ট মাঠে গড়াতে বাকি তিনদিন। ১৫ সেপ্টেম্বর এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

এশিয়া কাপে অংশ নিতে ১৩ সদস্যের বাংলাদেশ দল গত রোববার দুবাই রওনা হয়। ভিসা জটিলতায় সেদিন যেতে পারেননি তামিম ও রুবেল। দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর দুবাই যাত্রাও আটকে আছে ভিসা না পাওয়ায়।








