দুই ওপেনার ইমরুল কায়েস ও আহমেদ শেহজাদের ৯৩ রানের জুটিতে ভর করে বরিশাল বুলসের বিপক্ষে আট উইকেটের বড় জয় পেয়েছে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
মঙ্গলবার মিরপুর শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামে বরিশালের দেওয়া ১৪৩ রানের লক্ষ্য ৬ বল বাকি রেখে দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্সরা।
ইমরুল কায়েস ৩৫ বলে ছয়টি চার ও একটি ছয়ে ৪৬ রান করে ড্রেসিংরুমে ফিরে গেলেও আহমেদ শেহজাদ তুলে নেন ফিফটি।
শেহজাদ সর্বোচ্চ ৫৬ বলে ৫টি চারে ৬১ রান করেন।
এরআগে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৪২ রান করে বরিশাল বুলস। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন মুশফিকুর রহিম।
কুমিল্লার বোলারদের মধ্যে নাবিল সামাদ তিনটি ও রাশীদ খান দুটি উইকেট নেন।
এই জয় দিয়ে কুমিল্লার নামের পাশে আরো একটি জয় লেখা হলেও পয়েন্ট টেবিলের অবস্থানে কোনো হেরফের হয়নি গত আসরের চ্যাম্পিয়নদের।
৯ ম্যাচে সাত পরাজয় অর দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতেই থাকল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।






