‘আয়না’র পর কিংবদন্তী অভিনেত্রী কবরী সারোয়ার নির্মাণ করতে যাচ্ছেন তার পরিচালনায় দ্বিতীয় সিনেমা ‘এই তুমি সেই তুমি’। যে সিনেমার জন্য দেশবরেণ্য এই অভিনেত্রী নায়ক হিসেবে খুঁজছিলেন একজন নতুন মুখ।
কয়েকমাস খোঁজাখুঁজির পর অবশেষে তিনি খুঁজে পেলেন নায়ক। কবরীর সিনেমার নায়ক হতে যাচ্ছেন রিয়াদ রায়হান।
যিনি ২০১৪ সালে চ্যানেল আই আয়োজিত রিয়্যালিটি শো ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছিলেন। সরকারী অনুদানের সিনেমা ‘এই তুমি সেই তুমি’ প্রসঙ্গে রিয়াদ চ্যানেল আই অনলাইনকে বলেন, মাস তিনেক আগে কবরী ম্যাডামের সঙ্গে এ সিনেমা নিয়ে আলাপ হয়। সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট একজনের মাধ্যমে ম্যাডামের সঙ্গে পরিচিয় ঘটে।
রিয়াদ বলেন: এই তুমি সেই তুমি রোমান্টিক সিনেমা। মুক্তিযুদ্ধের সময়কার প্রেক্ষাপট এবং বর্তমান সময়ের গল্প দেখানো হবে। তিনি বলেন: চ্যানেল আইয়ের প্লাটফর্ম থেকে বেরিয়ে কয়েক বছরে ৪০টির মতো নাটকে কাজ করেছি। তবে আমি চেয়েছি সিনেমায় কাজ করতে। প্রথম সিনেমার কবরী ম্যাডামের নির্দেশনা পাবো ভাবতেও পারিনি। উনি আমার উপর যে আস্থা রেখেছেন সেটার যথাযথ মূল্য দিতে সর্বোচ্চ চেষ্টা করবো।
কবরী বলেন: ‘এই তুমি সেই তুমি’ সিনেমার জন্য একজন তরুণ মুখ দরকার ছিল। যাকে আমি খুঁজছিলাম। রিয়াদের মধ্যে আমি সম্ভাবনা দেখেছি। আমার বিশ্বাস চেষ্টা করলে সে পারবে। রিয়াদ ছাড়া শুটিংয়ের আগে অন্যশিল্পীদের নাম পর্যায়ক্রমে প্রকাশ হবে।








