টানা ছয় ম্যাচ হারের পর নিউজিল্যান্ড সফরে অবশেষে জয়ের দেখা পেয়েছে পাকিস্তান। দ্বিতীয় টি-টুয়েন্টিতে কিউইদের ৪৮ রানে হারায় সফরকারীরা। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর প্রথম টি-টুয়েন্টিতেও হেরেছিল পাকিস্তান।
ইডেন পার্কে জিতে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ১-১এ সমতা টানল সরফরাজের দল।
টানা হারে ভেতরে-বাইরে বেশ চাপে ছিল পাকিস্তান দল। বিশেষ করে ব্যাটসম্যানরা। পুরো সফরে নিষ্প্রভ ব্যাটিং লাইনআপ এদিন জ্বলে ওঠে। তাতে পুড়ে ছাই নিউজিল্যান্ড। দুই ফিফটি আর দুই চল্লিশোর্ধ ইনিংসে নির্ধারিত ওভারে ৪ উইকেটে ২০১ রান তোলে পাকিস্তান।
প্রথম ১০ ওভারে ৯৪ তোলেন দুই ওপেনার ফখর জামান ও আহমেদ শেহজাদ। ফখর ২৮ বলে ৫০ রানের ইনিংস সাজান ৫ চার ও ৩ ছক্কায়। সেখানে শেহজাদের ৩৪ বলে ৪৪ রানের ইনিংসে ছিল ৬ চার ও এক ছক্কার মিশেল।
অধিনায়ক সরফরাজ আহমেদ ২৪ বলে ৪১ করে ফেরেন, ২ চার ও ৩ ছয়ে। আর বাবর আজম ২৯ বলে ৫০ রানে অপরাজিত থাকেন, ৫ চার এক ছক্কার ইনিংস সাজিয়ে।
দুই শতাধিক রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটেই ভাল হয়নি নিউজিল্যান্ডের। শেষঅবধি ৯ বল বাকি থাকতে ১৫৩ রানেই অলআউট হয় স্বাগতিকরা।
দলের প্রথম ছয় ব্যাটসম্যানের মধ্য মার্টিন গাপটিল ২৬ ছাড়া অন্যকেউ উল্লেখ করার মত রান করতে পারেননি। শেষদিকে স্পিনার মিচেল স্যান্টনার ৩৭ ও পেসার বেন হোয়েলার ৩০ রান করলে হারের ব্যবধানটাই শুধু কমেছে।
পাকিস্তানের হয়ে ফাহিম আশরাফ ৩টি, মোহাম্মদ আমির ও শাদাব খান ২টি করে এবং হাসান আলী একটি উইকেট নেন।







