যুক্তরাজ্যে ছুরি অপরাধ বিষয়ক পরিসংখ্যানের প্রতিক্রিয়া হিসেবে এবার ছুরির আকার পরিবর্তন করছে দেশটির ছুরি তৈরির কোম্পানি ভিনার্স।
গত অক্টোবরে প্রকাশিত এক রিপোর্টে বলা হয: ছুরি অপরাধটি ইংল্যান্ড এবং ওয়েলস-এ রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। জুন পর্যন্ত ১২ মাসের মধ্যে ছুরি বা একটি ধারালো সরঞ্জাম জড়িত প্রায় ৪৪ হাজার অপরাধ রেকর্ড করেছে পুলিশ। এই ধরণের অপরাধ আগের বছরের তুলনায় সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে।
দেশটির জাতীয় পরিসংখ্যান অফিস (ওএনএস) জানিয়েছে, ছুরি জড়িত অপরাধের সংখ্যাটি ২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ে ছিল।
এরপরই ছুরি সংক্রান্ত অপরাধ মোকাবিলায় ব্রিটিশ ছুরি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘ভিনার্স‘ ছুরির আকার পরিবর্তন করে বর্গাকারসহ নতুন পরিসরে ছুরির নকশা তৈরি করেছে।
প্রতিষ্ঠানটি বলছে, ছুরির অপরাধের পরিসংখ্যান এবং সরকারের নতুন আইনের প্রতিক্রিয়া হিসাবে ছুরির আকার পরিবর্তন আনা হয়েছে।
যুক্তরাজ্য সরকার নতুন অস্ত্র আইন ২০১৯ দ্বারা রান্নাঘরের ছুরিগুলিকে আক্রমণাত্মক অস্ত্র হিসাবে পুনরায় শ্রেণিবদ্ধ করার সিদ্ধান্ত নেয়।
২০১৯ সালের আগস্টে ছুরিকাঘাতে আহত তরুণরা ছুরি অপরাধ হ্রাসের বিষয়ে ১০ ডাউনিং স্ট্রিটে বরিস জনসনকে একটি চিঠিও দেয়।







