রোলবল বিশ্বকাপে বাংলাদেশের জয়রথ ছুটছেই। টানা চার ম্যাচ জিতে অপরাজিত থেকে শেষ ষোলোয় পা রেখেছে স্বাগতিকদের পুরুষ দল। রোববার দিনের প্রথম ম্যাচে মিয়ানমারকে হারানোর পর সন্ধ্যায় ফিজির বিপক্ষে দাপুটে জয় পায় আসিফ ইকবালরা।
মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের উডেন ফ্লোরে দিনের দ্বিতীয় ম্যাচে ফিজিকে ৯-০ গোলে হারিয়েছে বাংলাদেশের ছেলেরা। সকালে মিয়ানমারকে ১১-০ গোলে উড়িয়ে দেন আসিফরা। তখনই গ্রুপ-ডি থেকে এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত হয়ে যায় লাল-সবুজদের শেষ ষোলো ওঠা।
বিশ্ব রোলার স্কেটিংয়ের র্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে থাকা বাংলাদেশ উদ্বোধনী দিনে হংকংকে ১৯-১ গোলে উড়িয়ে যাত্রা শুরু করেছিল। দ্বিতীয় ম্যাচে ভুটানকে হারিয়েছে ৯-২ গোলে।








