বলিউড নির্মাতা শ্রিরাম রাঘবানের ছবি মানেই হত্যার রহস্যে ভরপুর কোন কাহিনি। যার প্রমাণ মিলে ‘বদলাপুর’ বা ‘দৃশ্যম’ এর মত ছবি দেখে। ঠিক তেমনি এবারও তার আসন্ন সিনেমার গল্প বোনা হয়েছে হত্যা রহস্যের জালে।
নতুন ছবির নাম ‘আন্ধাধুন’। ইতোমধ্যেই ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে। মুক্তির সাথেই সাথেই রহস্য যেন জমাট বাধতেও শুরু করেছে। ছবিতে অভিনয় করছেন রাধিকা আপ্তে, টাবু ও আয়ুষ্মান খুড়ানা।
ছবিটির গল্প মূলত এক অন্ধ পিয়ানো বাদককে নিয়ে। যেখানে রাধিকা আপ্তে অভিনয় করেছেন তার মুগ্ধ শ্রোতা হিসেবে। সিঙ্গেল নারীর চরিত্রে আছেন টাবু।
গল্প অনেকটা সহজভাবে এগুলেও পিয়ানো বাদক আয়ুষ্মানের সঙ্গে টাবুর পরিচয়ের পর বদলে যায় এর বাঁক। একটি হত্যাকাণ্ড পাল্টে দেয় এদের সবার জীবন। মূলত দুই মিনিটের ট্রেলারে এটাই ফুটে উঠেছে।
‘আন্ধাধুন’ ছবির নির্মাতা শ্রিরাম রাঘবান এর আগেও যেসব হত্যা রহস্য নিয়ে সিনেমা তৈরী করেছিলেন তার সব কয়টিই দর্শক বেশ সাদরে গ্রহণ করেছে। বিশেষ প্রশংসিত হয়েছিল ‘দৃশ্যম’ এর মতো সিনেমাও। তাই ছবিটির প্রথম ঝলক দেখার পর দর্শক আশা করছেন এটি হয়তো ছাড়িয়ে যাবে নির্মাতার আগের ছবিগুলোকেও।
আন্ধাধুন প্রযোজনা করেছেন ভায়কম১৮ মোশন পিকচার ও ম্যাচবক্স পিকচার। ছবিটি মুক্তি পাবে আগামী ৫ই অক্টোবর।
‘আন্ধাধুন’-এর ট্রেলার:







