হলিউড-বলিউডের তারকারা তাদের সিনেমা মুক্তির আগে কত কিছুই না করেন! সেক্ষেত্রে বাংলা সিনেমা মুক্তির আগে খুব বেশি প্রচারণা কিংবা দর্শকদের দৃষ্টি আকর্ষণে নয়া কৌশল দেখা যায় না। তবে এবার ব্যতিক্রম ঘটতে যাচ্ছে ‘অন্ধকার জগত’ ছবির ক্ষেত্রে।
২২ ফেব্রুয়ারি দেশজুড়ে মুক্তি পেতে যাচ্ছে ডিএ তায়েব-মাহিয়া মাহি অভিনীত ছবিটি। তার আগে নানা কৌশলে এই ছবির প্রচারণায় নেমেছে টিম ‘অন্ধকার জগৎ’।
বিভিন্ন গণমাধ্যম ছাড়াও ঢাকাসহ সারাদেশ ছেয়ে গেছে ‘অন্ধকার জগৎ’র পোস্টারে। আরো চোখে পড়লো একাধিক পিকআপ গাড়িতে করে ‘অন্ধকার জগৎ’ এর প্রচারণা করা হচ্ছে রাজধানী ব্যাপী। সাথে গাড়ির চারপাশে পোস্টার ও ডিজিটাল মনিটর দিয়ে ছবির আকর্ষণীয় কিছু কিছু অংশ দেখানো হচ্ছে।
এমন অভিনব প্রচারণা সম্পর্কে ছবির নায়ক ডিএ তায়েব বলেন, যেন সহজেই ছবিটির মুক্তির সম্পর্কে ধারণা পান দর্শকরা। গেল তিনদিন রাজধানীর বিভিন্ন সড়ক, গলিতে ‘অন্ধকার জগৎ’ এর প্রচারণা চালানো হচ্ছে।
পুরান ঢাকা, নিউ মার্কেট, আজিমপুর, ধানমন্ডি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ, হাইকোর্ট, মালিবাগ, মৌচাক, কাকরাইল, মগবাজার, মতিঝিল এলাকায় প্রচারণা চালানো হয়েছে। বুধবার সারাদিন প্রচারণা চালানো হয় বাড্ডা, রামপুরা, গুলশান, বনানী, বসুন্ধরা, খিলক্ষেত, উত্তরাতে। এমনটাই জানিয়েছেন ‘অন্ধকার জগৎ’ প্রচারণা টিমের সদস্যরা।
ডেমরা, যাত্রাবাড়ি, কেরানীগঞ্জসহ বিভিন্ন এলাকায় অভিনব প্রচারণায় মাধ্যমে ‘অন্ধকার জগৎ’ মুক্তির খবর মানুষকে জানানো হচ্ছে। নায়ক ডিএ তায়েব জানান, মুক্তির আগ পর্যন্ত এমন প্রচারণা অব্যাহত থাকবে। তিনি বলেন, আত্মবিশ্বাস থেকে বলতে পারি ছবিটি একটি পূর্ণাঙ্গ প্যাকেজ। বাণিজ্যিক ছবি সফল হওয়ার জন্য যা যা মশলা প্রয়োজন তার সবই অন্ধকার জগতে রয়েছে।’
‘অন্ধকার জগৎ’ পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। এ ছবিতে ডিএ তায়েবের নায়িকা মাহিয়া মাহি। আরও আছেন আলেকজান্ডার বো, মিশা সওদাগর, আনোয়ারা বেগম, মারুফ, বাসেদ শিমন প্রমুখ। ‘অন্ধকার জগৎ’ চলচ্চিত্রের প্রযোজনা সংস্থা এসজি প্রোডাকশন, যার চেয়ারম্যান মাহবুবা শাহরীন।








