ভারতের মুম্বাইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিকল্পনায় ‘মেক ইন ইন্ডিয়া’ অনুষ্ঠান চলার সময় মঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পান ভারতের কেন্দ্রীয় মন্ত্রী, রাজনীতিবিদ ও বলিউড তারকারা।
রোববার সন্ধ্যায় আগুন লাগার সময় বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া নাচ পরিবেশন করছিলেন। আগুন দেখা যাওয়া মাত্রই মঞ্চের ওপরে থাকা শিল্পী ও কলাকুশলীদের নিরাপদে নামিয়ে আনা হয়।
ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুরো মঞ্চই পুড়ে ছাই হয়ে গেলেও কোনো প্রাণহানি হয়নি। আয়োজকরা বলেছেন, সমুদ্রের ধারে উন্মুক্ত স্থানে অনুষ্ঠানটি হওয়ায় প্রাণহানি এড়ানো গেছে।





