বিকেএসপিতে টানা ৫ দিন অনুশীলন আর একটি প্র্যাকটিস ম্যাচ খেলে একদিন বিরতি। মঙ্গলবার সকাল থেকে ঢাকায় অনুশীলন শুরু করলো বিপিএলের অন্যতম ফ্র্যাঞ্চাইজি চিটাগং ভাইকিংস।
ব্যক্তিগত ছুটিতে কলকাতায় যাওয়ায় মিরপুরের একাডেমি গ্রাউন্ডের অনুশীলনে অনুপস্থিত ছিলেন অধিনায়ক তামিম ইকবাল। তবে ক্রিকেটারদের অনুশীলন দেখতে মাঠে ছিলেন চিটাগং ভাইকিংসের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ।
তিনি বলেন, প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি হয়ে আমরা খুবই আনন্দিত। খেলোয়াড় অনুশীলন শুরু করেছে, বিদেশী খেলোয়াড়রা অনুশীলনে ১৯ তারিখে যোগ দেবেন। আশা করছি সবাই ভালো একটি প্রস্তুতি গ্রহণ করবে।
অনুশীলনে ফিরে স্বস্থি আছে পেসার তাসকিন আহমেদের। তবে নিজের বোলিং দিয়েই বিপিএলে তার দলকে কিছু দিতে চান ডানহাতি এই পেসার। তাসকিন বলেন, শারীরিক অবস্থা এখন ভালো, পুরোদমেই বোলিং শুরু করেছি, আমার প্রথম টার্গেট থাকবে বিপিএলে দলকে কিছু দেওয়া।
শুধু বিপিএল নয়, নিজের বোলিং নিয়ে আগামী টি-টুয়েন্টি বিশ্বকাপ-এর আগেই পুরানো ছন্দে ফিরতে চান তাসকিন।
তিনি বলেন, সামনে এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ সুতরাং নিজেকেই সব ক্ষেত্রেই মেলে ধরতে হবে, জাতীয় দলে এখন অনেক প্রতিদ্বন্দ্বিতা, দল এখন উঁচু মানের খেলা খেলছে। তাই আমাকেও সেইভাবেই নিজেকে প্রস্তুত করতে হবে।
বিপিএলের জন্য এখন টানা অনুশীলন চলবে চিটাগং ভাইকিংসের। ২২ নভেম্বর উদ্বোধনী ম্যাচেই তাদের মাঠে নামতে হবে রংপুর রাইডার্স-এর বিপক্ষে।






