দেশে রাশিয়ার ভ্যাকসিন ‘স্পুটনিক-ভি’ এর জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। এই অনুমোদন পাওয়ায় দেশে রাশিয়ার ভ্যাকসিন আমদানি ও ব্যবহারে আর কোনো ধরনের বাধা থাকল না।
আজ মঙ্গলবার ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবর রহমান গণমাধ্যমে তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে মে মাসের মধ্যেই এই টিকা দেশে আসার সম্ভাবনা রয়েছে। প্রথম ধাপে ৪০ লাখ ডোজ টিকা আসার কথা রয়েছে।
মাহবুবুর রহমান বলেন, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনার টিকার বিকল্প সাইনোফামসহ আরো বিকল্প টিকার উৎস খোঁজা হচ্ছে। স্পুটনিক ভি দুই ডোজের টিকাটি প্রথম ডোজ নেওয়ার ২১ দিন পর দ্বিতীয় ডোজ টিকা নিতে হবে।
আর এই ভ্যাকসিনের টেকনোলজি ট্রান্সফার করে দেশেই উৎপাদন করবে দেশের স্বনামখ্যাত প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
এ নিয়ে বাংলাদেশে ব্যবহারের জন্যে অনুমোদন পেল দুইটি ভ্যাকসিন। এর আগে দেশে ব্যবহারের অনুমোদন পায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন।
বিশ্বের ৬০টি দেশ এ পর্যন্ত জরুরি প্রয়োজনে এই টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে। করোনার বিরুদ্ধে স্পুটনিক-৫ এর কার্যকারিতা ৯৫ শতাংশ বলে জানিয়েছে গামালিয়া।







